উখিয়া সীমান্তে বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্তে (মৈত্রী সেতু এলাকায়) গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।
সকাল সাড়ে ১০টা থেকে দুই ঘণ্টা স্থায়ী বৈঠকে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। আট সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল চো তুইঝা।
লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের নাগরিকেরা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ না করে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে আমরা বিজিপিকে অনুরোধ জানিয়েছি। পাশাপাশি ইয়াবাসহ মাদক চোরাচালান প্রতিরোধ করতে বলেছি। তা ছাড়া সীমান্তে বিজিপির গুলিবর্ষণের ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করেছি।’ তিনি জানান, বন্য হাতি তাড়াতে গুলিবর্ষণ করা হয় বলে বিজিপি বলছে।
বিজিবি সূত্র জানায়, পতাকা বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ জরিপ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ, ১৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার, কক্সবাজার বিজিবি সেক্টরের স্টাফ অফিসার মেজর মাহবুব সাবের।