উখিয়ায় ঝড়ে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত
কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে গত বুধবার দিবাগত রাতে কালবৈশাখীতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আম, লিচু, তরমুজ, বাঙ্গিসহ খেতের ফসল নষ্ট হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ঝড়ে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল আলিম মাদ্রাসা ভবনের ছাউনি উড়ে যায়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এম এ মনজুর জানান, বৃষ্টির পানিতে মাদ্রাসার সব শ্রেণিকক্ষ কাদায় ভরে গেছে। তিনি জানান, মাদ্রাসার আশপাশের আরও ২২টি ঘরের চাল উড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ে উপজেলার পালংখালী, রাজাপালং ও হলদিয়া ইউনিয়নে শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। ফারিরবিল গ্রামের দিনমজুর আবদুল গফুর জানান, ঝড়ে তাঁর ঘর ভেঙে গেছে। এখন তাঁকে সপরিবারে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাতে হচ্ছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল কাদের জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরি করা হচ্ছে। এরপর তা উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।