নারী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। মানববন্ধনে নিপীড়নকারীদের ‘যৌন সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বক্তারা অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রোটারিক ক্লাব অব চিটাগাং, আবৃত্তি সংগঠন প্রমাসহ মানবাধিকারকর্মীরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতেও বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা ও নারীদের নিগ্রহ করার ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনার বিচার না হওয়ায় যৌন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটেই চলেছে।
মানববন্ধনে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশ, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি আশীষ সেন, সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অশোক সাহা, নারীনেত্রী রেখা চৌধুরী, উদীচী জেলা সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সংস্কৃতিকর্মী সুনীল ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব প্রমুখ|