কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল গ্রামের তিন কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মিষ্টিপানি ধরে রাখার ‘রাবার ড্যামটি’ ছিঁড়ে গেছে। এরপর ধরে রাখা পানিও সরে গেছে। ফলে আশপাশের তিন হাজার একরের বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
১৭ নভেম্বর রাবার ড্যামটি নষ্ট হলেও গতকাল সোমবার বিকেল পর্যন্ত ঠিক করা হয়নি।
স্থানীয় কৃষকেরা বলেন, এলাকার অপেক্ষাকৃত উঁচু ও অনাবাদি জমিগুলোকে সেচের আওতায় আনার লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০১০ সালে ডিসেম্বরে তিন কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে পাগলিরবিল খালের ওপর এই রাবার ড্যামটি স্থাপন করে। তিন বছর ধরে এই ড্যামে আটকে রাখা বর্ষা ও পাহাড়ি ঝরনার মিষ্টিপানি দিয়ে এলাকার মানুষ চাষাবাদ করে আসছেন। এখন পানির অভাবে চাষের ফসল মরে যাচ্ছে।
রাবার ড্যামের পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওবাইদুল হক চৌধুরী বলেন, রাবার ড্যাম ফুটো হওয়ার কারণে প্রায় তিন হাজার একর জমির বোরো চাষ হুমকির মুখে পড়েছে। দূরদূরান্ত থেকে পানি এলে লোকজন মাঠের ফসল রক্ষার চেষ্টা করছেন।
স্থানীয় কৃষক হাজি আলী হোছন বলেন, ১৭ নভেম্বর সন্ধ্যায় রাবার ড্যামটি ফুটো হলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি সরে গেছে। কিন্তু কে বা কারা ফুটো করেছে, তা জানা সম্ভব হয়নি।
এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম বলেন, ১৮ নভেম্বর সরেজমিন দেখা গেছে, রোদে পুড়ে ক্ষয়ে যাওয়া রাবারের কয়েকটি অংশ ফুটো হয়ে গেছে। আবার ড্যামে বাতাস ফুঁকিয়ে ফোলানোর সময় রাবারের কয়েকটি জোড়াও (জয়েন্ট) খুলে গেছে। ‘টলোইং’ নামের একধরনের গাম দিয়ে ছেঁড়া অংশ জোড়া লাগানো হচ্ছে এবং ফুটো অংশ মেরামতের কাজ চলছে। কয়েক দিনের মধ্যে রাবার ড্যামটি সংস্কার হলে ঝরনার পানি আটকিয়ে আবার চাষাবাদের জন্য সরবরাহ সম্ভব হবে।