
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আগামীতে যদি নৌকায় ভোট দেন, তাহলে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।’
মিয়ানমারের সীমান্ত উপজেলা কক্সবাজারের উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। দলীয় হলেও জনসভাটি মূলত পরিণত হয় নির্বাচনী জনসভায়। জনসভা শুরুর আগে তিনি উখিয়ায় নতুন করে তৈরি করা সাতটি বৌদ্ধবিহার উদ্বোধনের অংশ হিসেবে একটি ফলক উন্মোচন করেন।
শেখ হাসিনা জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিয়েছেন, আমাদের সরকার গঠনে সহযোগিতা করেছেন। আগামী নির্বাচনেও আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’ এ সময় তিনি জনগণের কাছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার ওয়াদা আদায় করেন।
প্রধানমন্ত্রী বলেন, আলোচনায় বসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তারা আলোচনায় না বসে দলটির নেত্রী ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বসেন।
মিয়ানমার সীমান্তের টেকনাফ, উখিয়া ও পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লোকজন এ জনসভায় যোগ দেন। লোকজন টেকনাফ-কক্সবাজার সড়কের কয়েক কিলোমিটার সড়ক দখলে রাখেন। বাংলাদেশ তথ্য কমিশন একাধিক প্রজেক্টর বসিয়ে দূরের মানুষকে প্রধানমন্ত্রীর ভাষণ দেখার সুযোগ করে দেয়। সমাবেশে ২৮ মিনিটের বক্তব্যে শেখ হাসিনা তাঁর সরকারের সাফল্য এবং বিরোধী দলের নেত্রীর বিষোদ্গার ও দলটির কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন।
শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘উনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, দুর্ভাগ্য দুইটা সাবজেক্টে পাস, উর্দু আর অঙ্ক। অঙ্কটা ভালো গুনতে পারেন। দুর্নীতি করে কালোটাকা বানিয়েছেন। আর কোনো সাবজেক্টে পাস করতে পারেন নাই। এ জন্য তিনি চান না, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করুক। মেয়েরা পড়াশোনা করুক।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, স্থানীয় সাংসদ আবদুর রহমান, সাফিয়া খাতুন ও হাছিনা মান্নান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান, সাংসদ এথিন রাখাইন, সাবেক সাংসদ মোহামঞ্চদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ড. হাসান মাহমুদ ও দীলিপ বড়ুয়া।
নতুন বৌদ্ধবিহারের উদ্বোধন: এর আগে শেখ হাসিনা বেলা এগারোটায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রামুতে আসেন। এ সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে তিনি সেখানে নতুন করে তৈরি করা ১২টি বৌদ্ধবিহার উদ্বোধন করেন।