উখিয়ায় ভূমি অধিগ্রহণ না করতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ইমামেরডেইল ও বাইলাখালী গ্রামে গলফ মাঠের জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
দুপুর ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে আয়োজিত ওই মানববন্ধনে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় মন্ত্রী ওই সড়ক দিয়ে উখিয়ার মনখালী খালের ওপর নির্মিত ‘মনখালী সেতু’ উদ্বোধন করতে যাচ্ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মন্ত্রীকে একটি স্মারকলিপিও দেন।
স্থানীয় জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমদ বলেন, ‘গলফ মাঠ তৈরির জন্য সরকার এই ইউনিয়নের ইমামেরডেইল ও বাইলাখালী গ্রামের বিপুল পরিমাণ জমি হুকুম দখল (অধিগ্রহণ) করবেন বলে খবর পেয়েছি। এলাকাবাসী উচ্ছেদ-আতঙ্কে ভুগছেন। ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ার বিরুদ্ধেই এই মানববন্ধন।’
মনখালী সেতু উদ্বোধন: গতকাল বেলা দেড়টার দিকে মনখালী সেতুর উদ্বোধন শেষে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০১৬ সালের মধ্যে ৮৪ কিলোমিটারের ‘কক্সবাজার-টেকনাফ’ মেরিন ড্রাইভ সড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে। তখন দেশি-বিদেশি পর্যটকের আগমন বৃদ্ধির পাশাপাশি কক্সবাজারের পর্যটনশিল্পের ব্যাপক প্রসার ঘটবে। মন্ত্রী এই সড়কের পাশে বিশেষ ‘সৈকতপল্লি’ গড়ে তোলার ঘোষণা দেন।