কক্সবাজার থেকে ৫৪ কিলোমিটার দূরে উখিয়া সমুদ্র উপকূলের পাহাড়ি গ্রাম পিনজিরকুল। গত তিন মাসে এই গ্রাম থেকে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাচার হয়েছে আট শতাধিক মানুষ। এঁদের মধ্যে নিখোঁজ রয়েছেন অন্তত ২২০ জন। পুলিশ, মানব পাচার রোধে কাজ করা বেসরকারি সংস্থা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পিনজিরকুলের পাশের দুই গ্রাম সোনাইছড়ি ও পশ্চিম দরগাহবিল থেকেও একই সময়ে পাচার হয়েছে দেড় হাজারের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন অন্তত ২৭৭ জন। এই তিনটি গ্রাম ও আশপাশের এলাকায় কয়েক হাজার রোহিঙ্গা বসতি রয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উখিয়া উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ সিকদার জানান, উখিয়ার কুতুপালং, টিভি টাউয়ারসহ উপকূলের ঝাউবাগানে বসতি গড়েছেন প্রায় ২ লাখ রোহিঙ্গা। আয়-রোজগারের জন্য নারী-শিশুদের রেখে রোহিঙ্গা পুরুষেরা ট্রলারে থাইল্যান্ড ও মালয়েশিয়া পাড়ি জমাচ্ছেন। তিনি জানান, গত তিন মাসে উখিয়ার ১৩টি পয়েন্ট দিয়ে অন্তত ১৫ হাজার মানুষ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচার হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা।
মানব পাচার প্রতিরোধ নিয়ে উখিয়া উপজেলায় কাজ করা বেসরকারি সংস্থা হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম জানান, পিনজিরকুল, দরগাহবিল ও সোনারপাড়া—এই তিন গ্রাম থেকে পাচার হওয়া অন্তত ৫০০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে থাইল্যান্ড, মিয়ানমার ও মালয়েশিয়ার কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন প্রায় ৩০০ জন।
গত মার্চ ও এপ্রিল মাসে এই তিন গ্রামের ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে পাচার হওয়ার পর নিখোঁজ ১২০ জনের একটি তালিকা তৈরি করেছে সংস্থাটি। কর্মকর্তারা জানান, নিখোঁজ ব্যক্তিরা থাইল্যান্ড ও মিয়ানমারের কারাগারে বন্দী রয়েছেন।
হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক জানান, বন্দী ১২০ জনকে উদ্ধারের জন্য গত ৩০ এপ্রিল তালিকাটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসিম উদ্দিন তালুকদার জানান, উখিয়ার বিভিন্ন উপকূল দিয়ে মানব পাচার হলেও কেউ দালালদের বিরুদ্ধে মামলা করেন না।
গতকাল সোমবার পিনজিরকুল গ্রামে গিয়ে পাচার হওয়ার পর নিখোঁজ বিভিন্ন পরিবারের সঙ্গে কথা হয়। তাঁদেরই একজন কৃষক ফরিদ আলম। তিনি জানান, তিন মাস আগে স্থানীয় এক দালালের মাধ্যমে তাঁর ছেলে রুবেল মিয়া মালয়েশিয়া পাড়ি জমাতে সোনারপাড়া সৈকত থেকে ট্রলারে ওঠে। ১১ দিন পর ট্রলারটি থাইল্যান্ড সীমান্তে পৌঁছায়। রুবেলসহ ট্রলারের দেড় শতাধিক যাত্রীকে থাইল্যান্ড উপকূলের জঙ্গলে নামানোর পর একটি গুদামঘরে আটকে রাখে দালালেরা। থাইল্যান্ড পৌঁছে রুবেল মুঠোফোনে তাঁকে এসব কথা জানায়। কিন্তু এখন তাঁর ছেলে কোথায় তা জানা নেই।
পিনজিরকুলের পাশের গ্রাম পশ্চিম দরগাহবিলের জসিম উদ্দিন আড়াই মাস ধরে থাইল্যান্ডের জঙ্গলের একটি আস্তানায় বন্দিজীবন কাটাচ্ছেন। তাঁর বড় বোন রোকেয়া বেগম জানান, আড়াই মাস আগে স্থানীয় দালালের মাধ্যমে জসিমকে থাইল্যান্ডে পাচার করা হয়। সর্বশেষ ৬ মে রাতে থাইল্যান্ডের একটি বন্দিশিবির থেকে জসিম মুঠোফোনে জানান, দালালদের মুক্তিপণ বাবাদ ১ লাখ ৭০ হাজার টাকা দিতে হবে। এরপর তাঁর ভাই যোগাযোগ করেননি। যে মুঠোফোন থেকে কথা বলেছিল, সেটিও বন্ধ।
পুলিশের তথ্য অনুযায়ী, টেকনাফের শাহপরীর দ্বীপ, কাটাবুনিয়া, নয়াপাড়া, সাবরাং, বাহারছড়া, উখিয়ার মনখালী, ছেপঠখালী, সোনারপাড়া, কক্সবাজারের নুনিয়াছটা, নাজিরারটেক, খুরুশকুল, চৌফলদণ্ডি, মহেশখালীর সোনাদিয়াসহ জেলার ৫০টির বেশি পয়েন্ট দিয়ে মানব পাচার হচ্ছে।