উখিয়া উপকূলে চলছে ঝাউগাছ নিধন
কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুখালের মোহনা থেকে মনখালী পর্যন্ত কাঠ পাচারকারীদের একটি চক্র সরকারি ঝাউবাগান উজাড় করে চলেছে। রাতের অন্ধকারে এসব ঝাউগাছ কেটে তারা পাচার করছে। ফলে উখিয়া উপকূল হয়ে পড়ছে অরক্ষিত।সরেজমিনে গিয়ে জানা যায়, উপকূলের জালিয়াপালং ইউনিয়নের রেজুখালের মোহনা থেকে মনখালী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থান থেকে উজাড় হয়ে গেছে ঝাউগাছ। গত ১৫-২০ দিনে রূপপ্রতি, নিদানিয়া, রেজুখাল এলাকাসহ কয়েকটি স্থান প্রায় ঝাউগাছশূন্য হয়ে পড়েছে। চেপটখালী গ্রামের মাহবুবুল আলম (৫০) জানান, দু-তিনটি দল স্থানীয় বন বিভাগকে ম্যানেজ করে প্রতি রাতেই ঝাউগাছ কাটে। এসব গাছ সমুদ্রপথে এবং রেজুখাল দিয়ে পাচার করে তারা। গাছের বল্লি বেড়িবাঁধ ও বড় বড় হোটেল এবং ভবন নির্মাণকাজে ব্যবহার করা হয়। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, দ্রুত এসব ঝাউগাছ পাচার রোধ না হলে পুরো এলাকা দুর্যোগের হুমকির মুখে পড়বে। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কক্সবাজারের উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া ও নারিকেল জিনজিরা দ্বীপের প্রায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। হাজার হাজার পরিবার সর্বস্বান্ত হয়। পরবর্তী সময়ে সরকার কক্সবাজারের কলাতলী থেকে উখিয়ার ইনানী, মনখালী হয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত ঝাউবাগান সৃজন করে উপকূল রক্ষায় সবুজ বেষ্টনী প্রকল্প বাস্তবায়ন করে। জালিয়াপালংয়ের মনখালী ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান আহমদ জানান, দু-তিন বছর আগে মনখালী খালের গতি পরিবর্তিত হওয়ায় প্রায় দুই একর ঝাউবাগান নদীতে বিলীন হয়েছে। খালটির গতিপথ নিয়ন্ত্রণ করা না হলে মনখালী থেকে ছোয়াংখালী পর্যন্ত ঝাউবাগানের অস্তিত্ব থাকবে না। ইনানী বন রক্ষা সহায়ক কমিটির মনখালী শাখার সভাপতি মোস্তাক আহমদ অভিযোগ করেন, মনখালী ও চেপটখালীতে দুটি বন বিট কার্যালয় থাকলেও ঝাউগাছ রক্ষায় তারা কোনো কাজে আসছে না। স্থানীয় জনপ্রতিনিধি সিদ্দিক আহমদ চৌধুরী (৭৫) বলেন, ঝাউগাছগুলো অবাধে নিধন করায় এখন বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস হলে মনখালী এলাকার কেউ বাঁচবে না। ইনানী বন রেঞ্জ সূত্র জানায়, ১৯ অক্টোবর মনখালী বটতলী বাজারের ইসহাক আহমদ (৫৫), তাঁর ছেলে মো. ইসমাইল (৩০), শাহ জাহান (২৭) ও শাহ আলমের (২৯) বাড়ি থেকে পাচারের জন্য মজুদ রাখা প্রায় দুই শতাধিক ঝাউগাছের বল্লি উদ্ধার করা হয়। কাঠচোর চক্রের সদস্যদের তালিকা করা হয়েছে। এ তালিকায় রয়েছে চেপটখালীর গুচ্ছগ্রামের মো. কালুর ছেলে সাইফুল হোছন (৩২), রাসেল (২৮) ও মো. মিজানসহ (২৫) সাতজন। এদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। উখিয়ার সহকারী বন সংরক্ষক আবদুর রহমান বলেন, বন বিভাগে লোকবল সংকট থাকায় কাঠচোরদের বিরুদ্ধে মামলা করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তা ছাড়া রক্ষকেরাই বিভিন্ন সরকারি উন্নয়নকাজে এসব ঝাউগাছ ব্যবহার করে ভক্ষকের ভূমিকা নিচ্ছে। তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে গাছগুলো রক্ষায় জরুরি ভিত্তিতে বন বিভাগে আরও জনবল নিয়োগের দাবি জানান।