কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে গতকাল সোমবার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২০১২ সালের ৩০ সেপ্টেম্বর উখিয়ার একাধিক বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে এই বরখাস্তের আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। নির্দেশ কার্যকর করার জন্য গতকাল রাত সাড়ে সাতটার দিকে মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রুহুল আমিন রাতে প্রথম আলোকে বলেন, উখিয়ার বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরী উখিয়ার তিনটি বৌদ্ধমন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামি। কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাসমূহের চার্জশিট গৃহীত হওয়ায় ফৌজদারি মামলায় অভিযুক্ত হিসেবে তাঁদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
বরখাস্তকৃত দুই চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরী বর্তমানে প্রশিক্ষণ উপলক্ষে কুমিল্লার বার্ডে অবস্থান করছেন।
বরখাস্ত প্রসঙ্গে জানতে চাইলে সরওয়ার জাহান চৌধুরী বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। উখিয়ার বৌদ্ধমন্দির হামলায় তিনি জড়িত নন। বিএনপির নেতা হিসেবে তখন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা তাঁকেসহ পরিবারের সদস্যদের কয়েকটি মামলায় আসামি করেন।
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী রামুর বৌদ্ধপল্লিতে হামলা ও উগ্নিসংযোগ করে ১২টি প্রাচীন বৌদ্ধমন্দির ও ৩৪টি বসতি পুড়িয়ে দেয়। পরদিন ৩০ সেপ্টেম্বর দুপুরে উখিয়ার পাঁচটি বৌদ্ধবিহার ও হিন্দুদের ১১টি বসতিতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহজালাল চৌধুরী, ছোট ভাই ও বিএনপি নেতা সরওয়ার জাহান চৌধুরীসহ বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।