কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহসভাপতি শাহজালাল চৌধুরীকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গ্রেপ্তার করেছে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতারের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল তাঁকে উখিয়া বাজার থেকে গ্রেপ্তার করে কক্সবাজারে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকার একটি বৌদ্ধমন্দিরে হামলার ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তারের প্রতিবাদে রাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আজাদ মিয়া শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে শাহজালাল চৌধুরী তিন দিন আগে উখিয়ায় আসেন। কিন্তু গতকাল পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করেছি এবং শাহজালাল চৌধুরীর মুক্তির দাবিতে আগামী রোববার কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা (পূর্ণদিবস) হরতাল আহ্বান করা হয়েছে।’