কক্সবাজারের উখিয়ায় বন্য হাতির আক্রমণে এক কাঠুরিয়া এবং রামুতে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, গত রোববার দুপুরে বন্য হাতির আক্রমণে কাঠুরিয়া ফকির আহমদ (৪০) মারা গেছেন। তিনি উপজেলার পাগলিরবিল গ্রামের ছৈয়দুর রহমানের ছেলে। জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তিনি হাতির দলের সামনে পড়েন। খবর পেয়ে গ্রামের প্রায় ২০০ লোক ঘটনাস্থলে পৌঁছে হাতির পালের কবল থেকে লাশটি উদ্ধার করেন। একই দিন বেলা তিনটার দিকে রামু উপজেলার রশিদনগরে ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল করিম এর সত্যতা নিশ্চিত করে বলেন, চলাচলের রাস্তাসংক্রান্ত বিরোধের জের ধরে ঠান্ডা মিয়া (৪৫) নামের এক ব্যক্তির ছুরিকাঘাতে ওই এলাকার কবির আহমদের ছেলে নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ সময় নিহতের ছেলে শফিক উদ্দিন (২০) আহত হয়েছেন। রামু থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার ঘটনায় ঠান্ডা মিয়া ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।