কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাতে উখিয়া ও টেকনাফ থেকে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ জুন মালয়েশিয়াগামী যাত্রীবোঝাই একটি ট্রলারে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে পাঁচজন ঘটনাস্থলে নিহত ও অন্তত ৬৩ জন আহত হন। পুলিশ বলছে, উখিয়া ও টেকনাফ উপকূল দিয়ে শতাধিক যাত্রীকে ওই ট্রলারে তুলে দেন গ্রেপ্তার এই আট দালাল।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশা থোয়াই বলেন, গত শুক্রবার রাতে উপজেলার সোনারপাড়া ও মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিন দালালকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার শামশুল আলম (৪০), মাহবুব আলম (৩৮) ও হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গ্রামের জালাল আহমদ (৩৭)।
পুলিশ জানায়, একই দিন টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচ দালালকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্রামের মো. ফারুক (২৭), হোয়াইক্ষ্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের নুরুল আলম (৩১), সৈয়দ আকবর (৩২), মমতাজ (২০) ও বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মোহাম্মদ আলী (৩৫)।
টেকনাফ মডেল থানার ওসি মোক্তার হোসেন বলেন, এই দালালেরা দীর্ঘদিন সমুদ্র উপকূল দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় মানবপাচার করে আসছিলেন৷
পুলিশ জানায়, যাত্রীবোঝাই ট্রলারে সন্ত্রাসীদের গুলিতে হতাহতের ঘটনায় কোস্টগার্ডের সেন্ট মার্টিন স্টেশনের পেটি অফিসার নুরুন নবী ১২ জুন রাতে টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা করেছেন৷ মামলায় ৮৯ জন দালালকে আসামি করা হয়েছে। আটক আট দালালকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, সমুদ্রপথে মানবপাচারে জড়িত জেলার প্রায় ৩০০ দালালকে ধরার জন্য পুলিশ গত বৃহস্পতিবার থেকে বিশেষ অভিযান শুরু করেছে। সেদিন শহরের বাজারঘাটার একটি হোটেল থেকে দুই দালালকে আটক করা হয়।