উখিয়া-টেকনাফে রোহিঙ্গাদের বিক্ষোভ-সমাবেশ

এক বছর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেখানকার সেনাবাহিনী কর্তৃক গণহত্যার বিচার দাবি করে নিজ দেশে ফিরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছে বাংলাদেশে পালিয়ে আসা লাখো রোহিঙ্গা। আজ শনিবার সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এই দাবির কথা জানিয়েছে।
রোহিঙ্গারা বলে, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সেনাবাহিনী, বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও স্থানীয় লোকজন মিলে সেখানকার আদিবাসী রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন ও দমনপীড়ন শুরু করে। হত্যা করে ২৩ হাজার রোহিঙ্গাকে। অগ্নিসংযোগের পাশাপাশি ১৮ হাজার নারীকে ধর্ষণ করে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে বিতাড়িত করে। গত এক বছরেও এই গণহত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের বিচার হয়নি। তাই বিচারের দাবিতে তারা (রোহিঙ্গারা) মাঠে নেমেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ১৮ হাজার ৫৫৮। এর মধ্যে গত বছরের ২৫ আগস্টের ঘটনার পর পালিয়ে আসে প্রায় ৮ লাখ রোহিঙ্গা। ১১ লাখ রোহিঙ্গার মধ্যে ৮ লাখের বেশি রোহিঙ্গার বসতি উখিয়ার তিনটি ইউনিয়নে, পাহাড়-জঙ্গলে গড়ে তোলা আশ্রয়শিবিরে।
আজ সকাল সাড়ে নয়টায় কক্সবাজার শহর থেকে ৬০ কিলোমিটার দূরে কুতুপালং আশ্রয়শিবিরে গিয়ে দেখা যায়, হাজার হাজার রোহিঙ্গা শিবিরের বাইরে টেকনাফ-কক্সবাজার সড়কের ওপর বসে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ-সমাবেশ করছে। তাদের মূল দাবি ছিল ২৫ আগস্ট দিনটিকে বিশ্বব্যাপী ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন করা। তারপর রোহিঙ্গাদের নাগরিকত্ব, রাখাইন রাজ্যে গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচার, রাখাইনে ফেলে আসা জায়গা-জমি, ধনসম্পদ ফেরত, ক্ষতিপূরণ আদায়সহ নাগরিক অধিকার আদায়ের ক্ষেত্রে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কর্তৃক মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা।
সকাল ১০টার দিকে কুতুপালং আশ্রয়শিবিরের ই ব্লকে গিয়ে দেখা যায়, হাজার হাজার নারী-পুরুষ মাটিতে বসে গণহত্যা দিবসটি পালন করছেন। তাঁদের হাতে লেখা একটি পোস্টারে সবার নজর। সাদা কাগজের মধ্যভাগে চারটি হাত সম্প্রীতির চিহ্ন তুলে ধরছে। এসব হাত আঁকা কালো কালিতে।
চিহ্নটির কারণ জানতে চাইলে রোহিঙ্গানেতা আবদুল গাফ্ফার (৫৫) প্রথম আলোকে বলেন, চারটি হাতের ওপরেরটিতে ইংরেজিতে লেখা আছে ‘জাস্টিস’। নিচের হাতে আছে ‘রাইটস’। আর বাঁ-পাশের হাতে লেখা ‘রোহিঙ্গা’। ডান হাতে ‘ব্যাক হোম’।

নেতা আবদুল গাফ্ফার বলেন, ‘রাখাইন রাজ্যের তিন জেলার শতাধিক গ্রাম থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছি সেখানকার সেনাবাহিনীর গণহত্যা, ধর্ষণ আর অগ্নিসংযোগের কবল থেকে প্রাণ বাঁচাতে। সেখানে তাদের বর্বর নির্যাতনে অনেকে ছেলে, মেয়ে, স্ত্রী, ভাই, মা, বাবাকে হারিয়েছে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের অভিযুক্ত সেনাদের বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ। চারটি হাতের বিশেষ চিহ্ন এঁকে আমরা রোহিঙ্গারা এই দাবির প্রতি ঐক্যবদ্ধ আছি, সেটা বোঝাচ্ছি।’
বেলা ১১টায় উখিয়ার মধুরছড়া আশ্রয়শিবিরের ই-১ ব্লকেও দেখা গেছে, কয়েক শ রোহিঙ্গা বিক্ষোভ মিছিল করে গণহত্যার জন্য মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছে। মিছিল থেকে মিয়ানমারের নোবেল বিজয়ী অং সান সু চির বিরুদ্ধে বিতর্কিত স্লোগান দেওয়া হচ্ছিল।
ওই শিবিরের রোহিঙ্গা জামাল আহমদ বলেন, ‘অং সান সু চি মুসলিমবিদ্বেষী মানুষ। আরাকান রাজ্য (বর্তমান রাখাইন রাজ্য) থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করতে ২৫ আগস্ট পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়েছে। আমরা গণহত্যার বিচার চাই। কফি আনান কমিশনের সুপারিশের বাস্তবায়ন চাই।’
মধুরছড়ার পাশে লম্বাশিয়া, বালুখালী, ময়নারঘোনা, বার্মাপাড়া, হাকিমপাড়া আশ্রয়শিবিরেও রোহিঙ্গারা গণহত্যা দিবস পালন করে বিক্ষোভ-সমাবেশ করেছে। তবে এই বিক্ষোভ-সমাবেশ আয়োজনের পেছনে কারা সহযোগিতা দিয়েছে, তার হদিস মেলেনি। নিজেরা নিজেদের অধিকার আদায়ের মাঠে নেমেছে রোহিঙ্গারা।
বালুখালী আশ্রয়শিবিরের মাঝি জাকির হোসেন বলেন, ‘কারও ইন্ধনে বা সহযোগিতায় রোহিঙ্গারা আন্দোলন করছে না। ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে কয়েকটি সীমান্ত চৌকিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ১৮ ব্যক্তি নিহত হন। আমরা শুনেছি, এই হামলার জন্য মিয়ানমার আরসা নামের একটি সন্ত্রাসী বাহিনীকে দায়ী করেছে। কিন্তু তারা একজন আরসাকেও ধরতে পারেনি। আরসা মিয়ানমারের সৃষ্টি। আরসার সঙ্গে রোহিঙ্গারা জড়িত, এই ধুয়া তুলে আট লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্য ত্যাগে বাধ্য করে। গণহত্যার দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের দাবিতে আমরা মাঠে নেমেছি। এটা আমাদের ন্যায্য অধিকার।’
আরেক রোহিঙ্গা শাহাব মিয়া বলেন, ‘সব হারিয়ে নিঃস্ব হয়েছি। তার পরও আমরা রাখাইন রাজ্যে ফিরে যেতে চাই। এই কারণে বিক্ষোভে অংশ নিয়েছি।’

বার্মাপাড়া আশ্রয়শিবিরের রোহিঙ্গা কামাল হোসেন বলেন, ‘আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের জন্যই আমরা বিক্ষোভ করেছি। আমরা কী চাই, বিশ্ববাসীকে জানানো উচিত।’
হাকিমপাড়া আশ্রয়শিবিরের রোহিঙ্গা জরিনা খাতুন ও লায়লা বেগম বলেন, উখিয়ার পাহাড়ের ঢালুর ঝুপড়িতে এক বছর কেটে গেল তাঁদের। তাঁরা এখন নিরাপদে জন্মভিটায় (রাখাইন রাজ্যে) ফিরতে চান। আর যুদ্ধ চান না, শান্তি চান। নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ চান। আর সে জন্য দরকার বাংলাদেশসহ আন্তর্জাতিক মহলের সহযোগিতা।
গত বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় উঠে আসা অন্টারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ওআইডিএ) গবেষণাগ্রন্থে বলা হয়েছে, রাখাইনের মানচিত্র থেকে রোহিঙ্গাদের চিরতরে তাড়িয়ে দিতে গত বছরের ২৫ আগস্ট তাণ্ডব শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী। সাম্প্রতিক ইতিহাসের এই ঘৃণ্যতম নৃশংসতায় অন্তত ২৪ হাজার রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। আর ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ১৮ হাজার রোহিঙ্গা নারী। তা ছাড়া অগ্নিসংযোগ করে পোড়ানো হয় ১ লাখ ১৫ হাজার ঘরবাড়ি, বুলডোজার দিয়ে ধ্বংস করা হয় আরও ১ লাখ ১৩ হাজার ঘরবাড়ি। গ্রেপ্তার করা হয় ৫৫ হাজার ৭১৮ জন রোহিঙ্গাকে। সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছে ৪১ হাজার ১৯২ জন রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু। এর বাইরে আগুনে নিক্ষেপ করে আহত করা হয় ৩৪ হাজার ৪৩৬ জন রোহিঙ্গাকে। রোহিঙ্গাদের দাবি, এত বর্বরতার পরও মিয়ানমারের কিছুই হচ্ছে না।