উখিয়া হাসপাতালে দুই দিন ধরে চিকিৎসক নেই
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিন (শনি ও রোববার) ধরে চিকিৎসক না থাকায় শত শত রোগী দুর্ভোগের শিকার হচ্ছে।
গতকাল রোববার দুপুর ১২টায় হাসপাতালে গিয়ে দেখা গেছে, তিন শতাধিক নারী-পুরুষ বহির্বিভাগে চিকিৎসা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু চিকিৎসকের দেখা নেই। হাসপাতালের ভেতরেও একই অবস্থা। রোগী দেখার একাধিক চিকিৎসকের কক্ষে তালা ঝুলছে। জরুরি বিভাগেও কোনো চিকিৎসকের দেখা মেলেনি। কয়েক মাস আগে এই বিভাগে সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এনাম নামের একজন চিকিৎসককে নিয়োগ দেয়। কিন্তু তিনিও অনুপস্থিত।
হাসপাতালের পুরুষ ওয়ার্ডে সেবা দিতে দেখা গেল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’-এর নিয়োজিত চিকিৎসক শামীম আহমেদকে। তিনি বলেন, ৩১ শয্যার এই হাসপাতালে ১১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু তিনি একাই সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে প্রায় ২০০ রোগী দেখেছেন। পুরুষ ওয়ার্ডে এসেও দম ফেলানোর সময় পাচ্ছেন না।
জরুরি বিভাগে দায়িত্বরত হাসপাতালের ডেন্টাল সহকারী রাজীব নাথ বলেন, সরকারি কাজে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এস এম আবু সাঈদ চট্টগ্রামে অবস্থান করছেন। আবাসিক মেডিকেল কর্মকর্তা আবদুস সালাম তাঁর মায়ের অসুস্থতাজনিত কারণে ছুটিতে রয়েছেন। আর চিকিৎসক কমলিকা বিভাগীয় পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গেছেন। হাসপাতালে অন্যান্য চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
হাসপাতালে অনুপস্থিত প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এস এম আবু সাঈদ বলেন, তিনি হাসপাতালের জরুরি কাজে চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের কার্যালয়ে অবস্থান করছেন। কাজ শেষ হলে ফিরে আসবেন।
হাসপাতালের বারান্দায় অসুস্থ শিশু নিয়ে দাঁড়িয়ে থাকা উপজেলার সিকদার বিল গ্রামের চাষি বাদশা মিয়া (৫৩) বলেন, ‘সরকারি একটি হাসপাতালের এই দশা দেখে অবাক হচ্ছি। বেসরকারি একটি সংস্থার একজন চিকিৎসক ছাড়া দুর্গম এলাকার গরিব মানুষের স্বাস্থ্যসেবার জন্য এই হাসপাতালে সরকারি কোনো চিকিৎসক নেই। কেন নেই, তা তদারকিরও কেউ নেই।’
রাজাপালং গ্রামের গৃহবধূ সলিমা আকতার (৩৪) বলেন, ‘চার দিন ধরে আট মাস বয়সী মেয়ে কাজলীর সর্দিজ্বর। ডাক্তার দেখানোর জন্য গত শনিবার সকালে কাজলীকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার না থাকায় বাড়িতে ফিরে যাই। আজ (গতকাল রোববার) সকালে আবার এলাম। ডাক্তার না থাকায় অসুস্থ মেয়েকে গ্রামের হাফেজ কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। ৮০ কিলোমিটার দূরে কক্সবাজার শহরে গিয়ে মেয়ের চিকিৎসা করার সামর্থ্য আমাদের নেই।’
হাসপাতালে চিকিৎসক নেই কেন—জানতে চাইলে মুঠোফোনে সিভিল সার্জন মোখলেছুর রহমান খান বলেন, ‘ব্যাপারটা আমি দেখতেছি। এরপর স্যারের সঙ্গে জরুরি কাজে ব্যস্ত আছি বলে লাইনটি কেটে দেন।’