উখিয়ার কৃষি কর্মকর্তা চার দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফজলুল বারী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শনিবার উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে উখিয়ার বিভিন্ন স্থানে মাইকযোগে তাঁর নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে দীর্ঘ তিন মাস ছুটি কাটিয়ে ফজলুল বারী ৫ জুলাই কর্মস্থলে যোগদান করেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে অফিসে আসার কিছুক্ষণ পর তিনি কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তাঁর কোনো খোঁজ না পাওয়ায় ওই দিন রাতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার দিন ধরে কোনো খোঁজ না পেয়ে তাঁর বড় ভাই সিলেট মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের অধ্যাপক শহিদুল বারী শনিবার উখিয়ায় এসে তাঁর খোঁজখবর নেন। তাঁর বরাত দিয়ে উখিয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, ফজলুল বারী মাঝেমধ্যে মানসিক সমস্যায় ভুগতেন। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ফজলুল বারীর স্ত্রী ও এক ছেলে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।