উখিয়ার তিন পুলিশসহ আটক চার বাংলাদেশি নাসাকার হেফাজতে
কক্সবাজারের উখিয়ার তিন পুলিশসহ চার বাংলাদেশি এখন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার হেফাজতে রয়েছেন। তাঁরা ভালো আছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উখিয়া উপজেলার বালুখালি টিভি রিলে স্টেশনের নিরাপত্তার দায়িত্বরত পুলিশ কনস্টেবল ইরফান সরকার (নম্বর ১৭৮৫), ইমরান হোসেন (১২৫৮), মুজিবুর রহমান (১০৫৮) ও পার্শ্ববর্তী কুতুপালং বাজারের ব্যবসায়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ডুমুরিয়া ব্যাপারীপাড়ার মখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮) ঘুমধুম সীমান্ত এলাকা ভ্রমণে যান। ডিজিটাল ক্যামেরা নিয়ে ছবি তোলার একপর্যায়ে তাঁরা পার্বত্য বান্দরবানের ঘুমধুম এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন। এ সময় সে দেশের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সদস্যরা তাঁদের ধরে নিয়ে যান।বিজিবি ঘুমধুম সীমান্ত ফাঁড়ির বিওপি কমান্ডার সুবেদার মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ঢেকুবনিয়া নাসাকা ফাঁড়িতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও নাসাকার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, পতাকা বৈঠকে তিন পুলিশসহ চার বাংলাদেশিকে ফেরত দিতে নাসাকার কাছে অনুরোধ করা হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তার অনুপস্থিতির কারণে নাসাকা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। আটক চার বাংলাদেশি ঢেকুবনিয়া নাসাকা ফাঁড়িতে রয়েছেন। তাঁরা সুস্থ ও ভালো আছেন।