উখিয়ার বনাঞ্চলে কাঠ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা
কক্সবাজারের উখিয়া উপজেলার বিস্তীর্ণ বনাঞ্চলে প্রতিদিন কাঠ পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে। বড় গাছ, চারা গাছ, ডাল-পালা, গাছের গোড়া—বাদ যাচ্ছে না কিছুই। এতে ধ্বংস হচ্ছে বন্য প্রাণীর আবাসস্থল। বিপন্ন হয়ে পড়ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। উপজেলার প্রায় সহস্রাধিক ব্যক্তি কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে বিক্রির পেশা বেছে নিয়েছেন। উখিয়ার পশ্চিমে জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নজুড়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ বনাঞ্চল রয়েছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে বনের ১০-১২ কিলোমিটার এলাকার মধ্যে শতাধিক জায়গায় কাঠ পুড়িয়ে কয়লা বানাতে দেখা যায়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই বনভূমিতে গর্জন, আম, জাম, মেহগনি, হরীতকী, সেগুন, চাপালিশ, গামারি, আমলকী, নিম, বট, অর্জুন, তেঁতুলসহ শতাধিক ধরনের গাছ ছিল। বর্তমানে ১৫-২০ ধরনের গাছ অবশিষ্ট আছে। আর প্রাণীর মধ্যে হাতি, বানর, হরিণ, অজগর, কাঠবিড়ালি, বন্য শূকর, বেজিসহ নানা ধরনের প্রাণী ছিল। বন্য প্রাণীর ভয়ে অনেকে বনের গভীরে ঢোকারও সাহস পেতেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কাঠ পাচারকারীদের কবলে পড়ে ওই বনাঞ্চলের শতকরা ৭০ ভাগ এলাকা এখন গাছশূন্য হয়ে পড়েছে। তবে বড় বড় গাছ না থাকলেও সেখানে রয়েছে গভীর জঙ্গল। সেই জঙ্গলে এখনো বন্য প্রাণীর থাকার মতো পরিবেশ রয়েছে। কিন্তু কাঠ পুড়িয়ে কয়লা বানানোর কারণে সেই পরিবেশও এখন ধ্বংস হওয়ার পথে। গত ২৪ ডিসেম্বর সকালে রাজাপালং ইউনিয়নের তুতুরবিলের করইল্যার ঝিরির ছড়া দিয়ে বনাঞ্চলে প্রবেশ করেন এই প্রতিবেদক। পাহাড়, ছড়া ও উঁচু-নিচু সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইনানীর বনাঞ্চলের নিকটবর্তী মাইদ্যার ভিটা ও কাশেম মিয়ার পাতার চর বনে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ ও শিশুদের ১০-১২টি দল বনে ঢুকেছে। তাদের হাতে দা, কুড়াল, খালি বস্তা, বালতি, জগ, থালা ও সুতলিসহ নানা ধরনের সরঞ্জাম। পরে তারা বনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ ধরনের কয়েকটি দলের প্রধান ছিলেন ছৈয়দ আলম (৫৫), মনির আহমদ (৪৫), সোনা মেহের (৪০), মরিয়ম খাতুন (৩৫) ও মো. আবদুল্লাহ (৩৭)। কেন তাঁরা দল বেঁধে এসব সরাঞ্জম নিয়ে বনে ঢুকছেন? এ প্রশ্নের জবাবে তাঁদের সহজ স্বীকারোক্তি—বাঁচার তাগিদে প্রতিদিন জঙ্গলে এসে তাঁরা কাঠ পুড়িয়ে কয়লা বানান। আর এই কয়লা বিক্রি করেই তাঁদের সংসার চলে। তাঁরা জানান, তাঁরা আগে কাঠ সংগ্রহ করতেন। বনে কাঠ না পেয়ে দেড় বছর ধরে তাঁরা এই কাজ করছেন।মাইদ্যার ভিটা ও কাশেম মিয়ার পাতার চর থেকে উত্তর-দক্ষিণ প্রায় ১০-১২ কিলোমিটার বনাঞ্চল ঘুরে দেখা যায়, বনের বিভিন্ন স্থানে দেড় শতাধিক লাকড়ির স্তূপে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় ওই সব জায়গার বনাঞ্চল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এক থেকে দেড় ঘণ্টার মধ্যে লাকড়ি পুড়ে কয়লা হয়ে গেলে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। পরে এসব কয়লা গর্তের মধ্যে মাটি চাপা দেওয়া হয়। এক দিন পরে মাটি চাপা দেওয়া কয়লা বস্তা ভরে উখিয়ার বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। সেগুলো বিক্রি করা হয় উপজেলাসহ জেলার বিভিন্ন বাড়ি, লন্ড্রির দোকান ও চায়ের দোকানে। কয়লা শ্রমিকেরা জানান, প্রতি বস্তা কয়লা বিক্রি হয় ১৮০ থেকে ২৫০ টাকায়।কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের অধীনে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা হাসিবুর রহমান বলেন, বনে আগুন জ্বালানোর কারণে মাটির নিচের কেচোসহ উর্বর সহায়ক বিভিন্ন প্রাণী মারা পড়ছে। এতে ধ্বংস হবে জীববৈচিত্র্য। কাঠ পোড়ানোর ফলে যে তাপমাত্রার সৃষ্টি হয়, তাতে বনের বিভিন্ন ধরনের গাছের স্বাভাবিক গতিতে বেড়ে ওঠার ক্ষমতা হ্রাস পাবে। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহজালাল জানান, দোছড়ির বনাঞ্চলে অভিযান চালিয়ে বেশ কিছু চুলা নষ্ট করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লাকড়ি ও কয়লা। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী জানান, উখিয়ার একসময়ের বিস্তীর্ণ বনাঞ্চল এখন প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। কাঠ পোড়ানোর সঙ্গে জড়িত সহস্রাধিক শ্রমিককে অন্য পেশায় নেওয়া সম্ভব হলে বনাঞ্চলে কাঠ পোড়ানো বন্ধ করা যাবে।