উখিয়ার বনাঞ্চলে রোহিঙ্গা শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার নাইন্দাঘোনা বনাঞ্চলের প্রায় ১০৫ হেক্টর বনভূমিতে গড়ে উঠেছে আরেকটি অনিবন্ধিত রোহিঙ্গা শিবির। গত আট দিনে সেখানে আশ্রয় নিয়েছে পাঁচ হাজারের মতো রোহিঙ্গা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা।
গতকাল বৃহস্পতিবার সকালে বালুখালীর নতুন রোহিঙ্গা শিবিরে গিয়ে দেখা যায়, বন বিভাগের বিশাল জমি দখল করে সেখানে অসংখ্য ঝুপড়িঘর তৈরি করা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা। কয়েকটি রোহিঙ্গা পরিবারকে গাছের নিচে বসে থাকতে দেখা যায়।
রোহিঙ্গা শিবিরে গাছের নিচে বসে থাকতে দেখা যায় মদিনা বেগম (২১) নামের এক নারীকে। কোলে সাত মাস বয়সী কন্যাশিশু। মদিনার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের পেরাংপ্রু গ্রামে। ১০ জানুয়ারি সকালে তিনি পেরাংপ্রু থেকে উখিয়ায় আসেন। এরপর আশ্রয় নেন উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শিবিরে। সেখানে ঠাঁই না হওয়ায় গতকাল সকালে আসেন বালুখালীর এই বস্তিতে। এক দালাল ঘর দেবে বলে তাঁর কাছ থেকে তিন হাজার টাকা নিয়েছে। কিন্তু তখনো তাঁকে ঘর দেওয়া হয়নি।
মদিনা বলেন, ৯ জানুয়ারি বিকেলে সেনা ও পুলিশের উপস্থিতিতে নাডালা বাহিনীর সদস্যরা তাঁদের গ্রামটি ঘিরে ফেলে। এ সময় তাঁর ঘরসহ পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় নাডালা বাহিনীর সদস্যরা মেয়েদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। তাঁর স্বামী আবদুল আমিন এর প্রতিবাদ করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এ সময় তাঁর এক ছেলে নিখোঁজ হয়। পরদিন রাতে তিনি সাত মাসের মেয়েকে নিয়ে উখিয়ায় পালিয়ে আসেন।
মদিনার মতো বালুখালীর নতুন শিবিরে দেখা যায়, রাখাইন রাজ্যের মংডু শহরের হাতিরপাড়ার তৈয়বা বেগম, নাইছাপ্রু গ্রামের লায়লা বেগমসহ অনেককে।
লায়লা বেগমের সঙ্গে আছে মরিয়ম, তাহেরা, সোহানা ও রেহেনা নামের চার সন্তান। তাদের বয়স দুই থেকে আট বছর। লায়লা বেগম বলেন, ৭ জানুয়ারি সেনারা তাঁর স্বামীকে ধরে নিয়ে যায়। এরপর চার সন্তান নিয়ে তিনি নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে উখিয়ার কুতুপালং শিবিরে আসেন। সেখান থেকে বালুখালীর এই বস্তিতে এসেছেন। কিন্তু কোথাও ঠাঁই মিলছে না। তিনি বলেন, রাখাইন রাজ্যে খাদ্যের তীব্র সংকট চলছে। মংডু শহরের আশপাশের ২৩টি রোহিঙ্গা পল্লিতে এক মাসের বেশি সময় ধরে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিতে দেওয়া হচ্ছে না। তাই মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসছে।
বালুখালীর নতুন বস্তিতে তৈরি হয়েছে ৫৩০টির মতো ঘর। বাঁশ-কাঠ-পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে এসব ঘর। এই রোহিঙ্গা বস্তিকে সাতটি ব্লকে ভাগ করে সেখানে সাতজন রোহিঙ্গাকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো শিবিরটি নিয়ন্ত্রণ করছেন পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) বালুখালী এলাকার সদস্য নুরুল আবছার। ঘর ভাড়ার নামে রোহিঙ্গাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা।
বস্তির ১ নম্বর ব্লকের সর্দার করম আলী বলেন, গত আট দিনে এই শিবিরে ঢুকেছে অন্তত পাঁচ হাজার রোহিঙ্গা। আরও হাজারখানেক রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। রোহিঙ্গাদের ঠাঁই দিতে রাতে বনাঞ্চলে ঘরবাড়ি তৈরি হলেও দিনের বেলায় বনকর্মীরা তা ভেঙে দিচ্ছেন।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ইউপি সদস্য নুরুল আবছারের অতি উৎসাহে বালুখালীর বনভূমিতে নতুন করে রোহিঙ্গা বস্তি গড়ে উঠেছে। এ পর্যন্ত ১০৫ হেক্টরের মতো বনভূমিতে পাঁচ শতাধিক ঘরবাড়ি তৈরি হয়েছে। সেখানে আরও রোহিঙ্গা জড়ো হচ্ছে। এতে আরও বনাঞ্চল উজাড়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বনভূমিতে রোহিঙ্গা বস্তি নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি সদস্য নুরুল আবছার বলেন, উখিয়ার কুতুপালং অনিবন্ধিত শিবিরে রোহিঙ্গাদের ঠাঁই হচ্ছে না। সেখান থেকে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গারা বালুখালীর এই শিবিরে আশ্রয় নিচ্ছে। মানবিক কারণে রোহিঙ্গাদের এখানে আপাতত থাকতে সহায়তা দিচ্ছে এলাকাবাসী।
পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দমন-পীড়ন বন্ধ হচ্ছে না। সেখানকার রোহিঙ্গা পল্লিতে খাদ্য সরবরাহও প্রায় এক মাস ধরে বন্ধ রাখা হয়েছে। তাই খাদ্যাভাবে হাজার হাজার রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ায় পালিয়ে আসছে।