উখিয়ার শিবির থেকে চট্টগ্রামে রোহিঙ্গাদের একটি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ হাতে টাকা গুঁজে দিয়েছেন, কেউবা খাবারের ব্যবস্থা করেছেন। কেউবা জানার চেষ্টা করছেন, মিয়ানমার থেকে তারা কীভাবে পালিয়ে এসেছে। সংখ্যায় তারা ১৮ জন। এর মধ্যে ১০ নারী, ৬ শিশু ও ২ পুরুষ। তাদের ঘিরে উৎসুক মানুষের ভিড় ক্রমেই বাড়তে থাকে। কক্সবাজারের উখিয়া উপজেলার একটি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দলটি গতকাল রোববার বিকেলে বাসে করে চলে আসে চট্টগ্রামে। নগরের বিভিন্ন জায়গা ঘুরে তারা বিশ্রামের জন্য আসে আন্দরকিল্লা জামে মসজিদের ফটকে।
গতকাল সন্ধ্যায় মসজিদ ফটকে গিয়ে কথা হয় রোহিঙ্গা দলটির দুই পুরুষ সদস্যের সঙ্গে। তাঁরা বলেন, তিন দিন আগে রাতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আসেন। তাঁরা প্রায় সবাই স্বজনহারা। মিয়ানমার সেনাবাহিনী বর্বর নির্যাতন চালিয়ে তাঁদের স্বজনদের হত্যা করেছে। দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে বাংলাদেশে ঢুকেছেন তাঁরা। তবে শিশুদের জন্য টাকা দিতে হয়নি।
আন্দরকিল্লা এলাকার একটি ছাপাখানার ব্যবসায়ী এস এম সাইফুল ওয়াদুদ গতকাল সন্ধ্যায় মসজিদ ফটকে প্রথম আলোকে বলেন, বেলা তিনটা নাগাদ ১৮ জন রোহিঙ্গা মসজিদের ফটকে অবস্থান নেন। কৌতূহলবশত তিনি সেখানে যান তিনি। তাঁরা মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতন ও স্বজন হারানোর বর্ণনা দেন। তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁদের করুণ কাহিনি শুনে লোকজন ফলমূল ও খাবার সংগ্রহ করে দেন। অনেকে নগদ টাকাও দিয়েছেন। সন্ধ্যা ছয়টা নাগাদ নগদ প্রায় সাত হাজার টাকা সংগ্রহ হয়েছে।
রোহিঙ্গা নারী মনোয়ারা (৩০) প্রথম আলোকে বলেন, মিয়ানমার সেনাবাহিনী তাঁর দুই ছেলে ও স্বামীকে খুন করেছে। তিন বছর বয়সী ছেলে নুর কামালকে নিয়ে তিন দিন আগে দালালের মাধ্যমে তিনি বাংলাদেশে আসেন।
ছেনু আরা (৪০) নামের আরেক নারী বলেন, তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনজনকে মিয়ানমার সেনাবাহিনী খুন করেছে। তাঁর স্বামী নুরুল কবিরকেও খুন করা হয়েছে। পরে দুই সন্তান নিয়ে তিনি পালিয়ে বাংলাদেশে আসেন। সফুরা (৫৫) নামের এক বৃদ্ধা তাঁর দুই ছেলে-মেয়ে নিয়ে শুক্রবার রাতে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁর স্বামী মকবুল আলমকে মিয়ানমার সেনাবাহিনী খুন করে বলে জানান তিনি। গতকাল দালালের সঙ্গে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনি চট্টগ্রামে আসেন। তবে তাঁর দুই সন্তান উখিয়া ক্যাম্পে অবস্থান করছেন।
অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের চট্টগ্রাম শহরে আসার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন গতকাল রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই রোহিঙ্গারা চলে যায়। আন্দরকিল্লায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।