উখিয়ার শিবিরে দেড় হাজার রোহিঙ্গার ঠাঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার আনঞ্জুমানপাড়া সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা ৭০০ রোহিঙ্গাকে যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার উপজেলার বালুখালী শিবিরে পাঠিয়েছে বিজিবি। এই সীমান্তে গত শনিবার রাতে দেড় হাজার রোহিঙ্গা জড়ো হয়েছিল। তাদের মধ্যে ৮০০ জনকে গত রোববার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়। এ ছাড়া টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গতকাল আরও ৭৮৮ রোহিঙ্গা এসেছে। তাদেরও বালুখালীর শিবিরে পাঠানো হয়।

উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, শূন্যরেখায় অবস্থান করা প্রতিটি রোহিঙ্গাকে তল্লাশি করেন তাঁরা। তাদের কাছে মাদক, অস্ত্র বা অবৈধ মালামাল রয়েছে কি না, সেটি নিশ্চিত হওয়ার পরই শিবিরে ঢুকতে দেওয়া হয়। এর আগে ইউএনএইচসিআর, আইওএম, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা ওই রোহিঙ্গাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে।

এ ছাড়া টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গত রোববার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত আরও ৭৮৮ রোহিঙ্গা ঢুকেছে। তাদের প্রথমে উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে সেনাবাহিনীর ত্রাণকেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে মানবিক সহায়তা এবং ত্রাণ দিয়ে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাঠানো হয় বলে জানান হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট থেকে ৯ নভেম্বর পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে ৬ লাখ ১৩ হাজার রোহিঙ্গা।

এদিকে গত রোববার সন্ধ্যা পর্যন্ত টেকনাফের নাফ নদীতে ভেসে থাকা ১৩টি ভেলার মধ্যে ৮টি উপজেলার শাহপরীর দ্বীপ, নয়াপাড়া ও টেকনাফ সদর এলাকায় ভেড়ে বলে জানায় বিজিবি। রাত ১০টার দিকে তীরে ভেড়া ওই আটটি ভেলায় নারী-শিশুসহ ৩০০ রোহিঙ্গা ছিল। তারা গতকাল সন্ধ্যা পর্যন্ত বিজিবির হেফাজতে ছিল। রোববার ভেসে থাকা বাকি পাঁচটি ভেলা কোথাও ভিড়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি টেকনাফ ২ বিজিবির উপ–অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। ওই পাঁচ ভেলায় প্রায় ২০০ রোহিঙ্গা নদীতে ভাসছিল।

 টেকনাফ ২ বিজিবির উপ–অধিনায়ক বলেন, নৌকা চলাচল বন্ধ থাকায় দিনের বেলায় ভেলা ভাসিয়ে রোহিঙ্গারা টেকনাফে ঢোকার চেষ্টা চালাচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গাবাহী কোনো ভেলা ভেসে থাকতে দেখা যায়নি। রোববার রাতে তীরে ভেড়া আটটি ভেলা জব্দ করেছেন তাঁরা।

এ নিয়ে ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ছয় দিনে মোট ২৪টি ভেলায় (পাঁচটি ভেলা তীরে না ভেড়ায় হিসাবে ধরা হয়নি) নাফ নদী পেরিয়ে ১ হাজার ১৩৬ রোহিঙ্গা টেকনাফে ঢুকেছে।