উখিয়ার ১৩২টি আনন্দ স্কুলে দুর্নীতির তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৩২টি আনন্দ স্কুলের শিক্ষার্থীদের জন্য পোশাক ও ব্যাগ বরাদ্দের টাকা লুটপাট এবং পোশাক ও ব্যাগ সরবরাহের বিপরীতে অসহায় শিশু শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণের তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত দল সরেজমিনে অনুসন্ধান শুরু করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালনাধীন ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ বা রস্ক প্রকল্পের আওতায় এই উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৩২টি স্কুলে তিন হাজার ৬০০ জন ঝরে পড়া দরিদ্র শিশু লেখাপড়া করছে। গত জুন মাসে শিক্ষার্থীদের জন্য পোশাক (স্কুল ড্রেস) ও ব্যাগ সরবরাহসহ আনুষঙ্গিক খাতে প্রায় ১৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নিম্নমানের কাপড় দিয়ে পোশাক তৈরি ও ব্যাগ সরবরাহ দিয়ে উখিয়া সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বরাদ্দ করা ১৮ লাখ টাকার মধ্য থেকে মোটা অঙ্ক আত্মসাৎ করেন। আবার পোশাক ও ব্যাগ সরবরাহের বিপরীতে শিশু শিক্ষার্থীদের মাথাপিছু ৫০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হলে এবং বিভিন্ন স্কুলের শিক্ষকেরা অনিয়ম-দুর্নীতি তদন্তের জন্য শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠালে এই তদন্ত দল গঠন করা হয়।
তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন রস্ক প্রকল্পের সহকারী পরিচালক সানজিদা খানম। কমিটিতে রয়েছেন রস্ক প্রকল্পের পরামর্শক মো. মোশাররফ হোসেন, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন ও উখিয়া শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর আহমদ।
স্থানীয় লোকজন বলেন, গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তদন্ত দলের সদস্যরা উপজেলা সদরের মালভিটা আনন্দ স্কুল পরিদর্শনে যান। এ সময় তদন্ত দল ওই স্কুলে ৩৫ জন শিক্ষার্থীর স্থলে উপস্থিত পান ১৩ জন শিক্ষার্থী।
এ সময় কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, গত জুন মাসে তাদের যে পোশাক দেওয়া হয়েছে, তা খুবই নিম্নমানের এবং আকারে ছোট হওয়ায় পরা যাচ্ছে না।
বেলা দুইটার দিকে বটতলী আনন্দ স্কুল পরিদর্শনে গিয়ে স্কুল বন্ধ পান। ওই সময় স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আনোয়ারা বেগম তদন্ত দলকে বলেন, একটু আগেই স্কুল ছুটি হয়ে গেছে।
এর আগে (সকাল ১০টায়) উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া, পূর্বমাছকারিয়া, পশ্চিম মাছকারিয়া ও উত্তর মাছকারিয়ার চারটি আনন্দ স্কুল পরিদর্শন করে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তদন্ত দলের সদস্যরা।
আনন্দ স্কুলের শিক্ষিকা রুজিনা আক্তার তদন্ত কমিটিকে বলেন, রাজাপালং ইউনিয়নের ৩২টি আনন্দ স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থীর কাছ থেকে তিনি পোশাক ও স্কুলব্যাগ সরবরাহের বিপরীতে প্রায় পাঁচ লাখ টাকা (মাথাপিছু ৫০০ টাকা করে) তুলে সহকারী শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিনের হাতে তুলে দিয়েছেন। এরপর তিনি (সাহাব উদ্দিন) গত জুন-জুলাই মাসে নিম্নমানের পোশাক ও ব্যাগ সরবরাহ দিয়েছেন।
অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে তদন্ত দলের প্রধান সানজিদা খানম বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
দলের সদস্য আবু জাফর মো. সালেহ বলেন, ‘সাহাব উদ্দিনের বিরুদ্ধে পোশাক ও ব্যাগ সরবরাহের বিপরীতে আর্থিক লেনদেনের অভিযোগ পাচ্ছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
রস্ক প্রকল্পের পরামর্শক মো. মোশাররফ হোসেন বলেন, প্রকল্পের নির্দেশনা অনুযায়ী যেভাবে আনন্দ স্কুলগুলো চলার কথা, ছাত্রছাত্রী উপস্থিত থাকার কথা। কিন্তু সরেজমিনে ঘুরে সে রকম কিছুই দেখা যায়নি।
তবে সহকারী শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন।