উখিয়ার ৭২ স্কুলেই খাওয়ার পানি নেই
কক্সবাজারের উখিয়া উপজেলার ৭২টি সরকারি, বেসরকারি রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। এ কারণে তীব্র গরমে এসব বিদ্যালয়ের প্রায় সাড়ে ২৭ হাজার ছাত্রছাত্রী ও শিক্ষকেরা দুর্ভোগে পড়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩০টিতে নলকূপ নেই। ৪২টিতে নলকূপ থাকলেও সেগুলো বছরের পর বছর ধরে অকেজো পড়ে আছে। এসব নলকূপের যন্ত্রাংশ চুরি হওয়ায় সেগুলো এখন আর কাজে আসছে না। কয়েকটি বিদ্যালয়ের প্রধানেরা জানিয়েছেন, পানিসংকটের কথা উল্লেখ করে জরুরি ভিত্তিতে নলকূপ স্থাপন ও অকেজো নলকূপগুলো সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হলেও সমস্যা নিরসনে কোনো কাজ হচ্ছে না। সম্প্রতি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, দুপুরে তৃষ্ণার্ত শিক্ষার্থীরা পানি পানের জন্য স্কুলের পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন বাড়িতে এবং পুকুরের দিকে ছুটে যাচ্ছে। ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র দেলোয়ার হোসেন, তৃতীয় শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আক্তারসহ ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী জানায়, তৃষ্ণা পাওয়ায় তারা কিছু দূরে ভালুকিয়া পালং উচ্চবিদ্যালয়ের নলকূপ থেকে পানি পান করতে যাচ্ছে। দরগাহ পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া ইসলাম, চতুর্থ শ্রেণীর ছাত্রী হুমাইরা আক্তার জানায়, মাঝে মধ্যে পানি ছাড়াই বিদ্যালয়ের শৌচাগারে যেতে বাধ্য হয় তারা। বালুখালী লতিফুন্নেছা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজালাল বলেন, নলকূপের অভাবে প্রতি বছর বিশেষ করে গরমের দিনে ছাত্রছাত্রী ও শিক্ষকদের খাওয়ার পানির জন্য দুর্ভোগ পোহাতে হয়। জালিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোয় নলকূপ না থাকাটা খুবই দুঃখজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অধীর চন্দ্র দে উখিয়ার ৭২টি প্রাথমিক বিদ্যালয়ে খাওয়ার পানির তীব্র সংকটের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কয়েকটি বিদ্যালয়ে নলকূপ স্থাপনের বরাদ্দ আসছে বলে জানা গেছে।