উখিয়ায় অপহরণের পর শিশুকে ধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে অপহরণের পর এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী গ্রামের স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩) তার বড় ভাইয়ের সঙ্গে শুক্রবার বিকেলে সিএনজি অটোরিকশায় করে টেকনাফের হোয়াইক্যংয়ে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।শিশুটির ওই ভাই বলেন, সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিঅ্যান্ডটি সংলগ্ন হাজাইম্মা রাস্তার মাথায় পৌঁছালে তাদেরই এলাকার আবদুস সোবহানের ছেলে মিজানুর রহমানের নেতৃত্বে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে তাদের মাইক্রোবাসে করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে (ভাই) বেঁধে রেখে পাশের একটি বাড়িতে নিয়ে মিজানুর রহমান শিশুটিকে ধর্ষণ করে। পরের দিন শনিবার সকালে দুর্বৃত্তরা ভাই-বোনকে পেকুয়ার অপর একটি স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তাদের বাবা গিয়ে ভাই-বোনকে উদ্ধার করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান বলেন, উখিয়া থানা এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটায় এই থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ বলেন, শিশুটির মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ঘটনাটি পরিষ্কার হবে।