উখিয়ায় আ.লীগ-জাপা প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ আবদুর রহমান বদি ও জাতীয় পার্টির (জাপা) তাহা ইয়াহিয়ার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং যানবাহন, বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থায়ংখালী বাজারে সাংসদ বদির সমর্থকেরা প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ইয়াহিয়ার সমর্থক ও পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীসহ ২০-২৫ জন তাঁদের ওপর হামলা চালান। বদির প্রচারণার কাজে ব্যবহূত অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অটোরিকশার চালক জাফর আলমসহ ছাত্রলীগের তিন কর্মী আবদুল্লাহ, সেলিম ও নুরুল আলম আহত হন।
রাত নয়টার দিকে বদির তিন শতাধিক সমর্থক লাঠিসোঁটা নিয়ে গফুরের বাড়িতে পাল্টা হামলা চালিয়ে তাঁর গাড়িসহ ঘরের দরজা-জানালা ভাঙচুর করেন। এরপর কিছু সমর্থক থায়ংখালী বাজারে এসে ১০টি বসতবাড়ি ও পাঁচটি দোকানে ভাঙচুর এবং কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবার দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
গফুর উদ্দিন চৌধুরী বলেন, তিনিসহ ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষ ইয়াহিয়ার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় ক্ষুব্ধ হয়ে সাংসদ বদি নিজে দলবল নিয়ে তাঁর বসতবাড়িতে হামলা চালান এবং দুটি গুলি ছোড়েন। লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করলে তাঁকে হত্যা করা হবে বলে সাংসদ বদি মুঠোফোনে তাঁকে হুমকি দিচ্ছেন বলে জানান তিনি। এ ঘটনায় তিনি গতকাল কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাহা ইয়াহিয়া বলেন, সাংসদ বদি দলের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে লাঙ্গল প্রতীকের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালাচ্ছেন।
সাংসদ বদি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।’
এদিকে অটোরিকশায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অটোরিকশাচালক জাফর আলম উখিয়া থানায় মামলা করেছেন। মামলায় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধুরী, শিবিরের নেতা নাছির উদ্দিন, জয়নালসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।