উখিয়ায় আরও ৩ মামলা, উপজেলা চেয়ারম্যান প্রধান আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় জারি করা ১৪৪ ধারা গতকাল বুধবার থেকে শিথিল করা হয়েছে। তবে সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। এর আগে গত মঙ্গলবার রাতে রামু উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।এদিকে উখিয়া উপজেলায় বৌদ্ধ ও হিন্দুমন্দির, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত মঙ্গলবার রাতে আরও তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এ কে এম শাহ জালাল চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। মোট চারটি মামলায় গতকাল পর্যন্ত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।উখিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছেন উখিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ওমর ফারুক। এতে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করা হয়। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জালাল চৌধুরীকে। জাদিমুরা বৌদ্ধমন্দির ভাঙচুরের ঘটনার মামলার বাদী উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহীম। এ মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া রোববার রাতে উখিয়ার কোট বাজার স্টেশনে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন এসআই আবুল হাশেম। এতে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন হাজার জনকে আসামি করা হয়েছে। পালংখালীর গয়ালমারায় ভূবনেশ্বরী কৃষ্ণমন্দির এবং পার্শ্ববর্তী ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছেন পুড়ে যাওয়া ঘরের মালিক ধনরাম শীল। ওই মামলায় ১৫ জনকে আসামি করা হয়েছে। উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি রেবত প্রিয় মহাথেরো বলেন, পরিস্থিতি শান্ত হয়ে এলেও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের ভয়ভীতি এখনো কাটেনি। পূর্ব মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সহসভাপতি বাবুল বড়ুয়া ও মন্দিরের ভিক্ষু বিমল জ্যোতি মহাথেরো বলেন, মন্দির পোড়ানোয় নেতৃত্ব দানকারীরা মামলা না করার হুমকি দিচ্ছে। নইলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ও এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনকে হুমকির ব্যাপারে কেউ জানালে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।১৪৪ ধারা শিথিল করার কথা জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম। তিনি জানান, উপজেলার সর্বত্র পরিস্থিতি শান্ত। সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে।এদিকে টেকনাফের ইউএনও মো সামসুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ১৪৪ ধারা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার বৌদ্ধবিহার ও হিন্দুমন্দিরগুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ওই সব এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবির টহল অব্যাহত রাখা হয়েছে।ইমামদের নিয়ে বৈঠক: গতকাল বিকেলে টেকনাফ ইউএনওর কার্যালয়ে উপজেলা ইমাম সমিতি ও বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে বৈঠক করেন ইউএনও সামসুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। এ সময় ইমামদের উদ্দেশে ইউএনও সামসুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই। কিন্তু কিছু লোক ধর্মের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তাদের চিহ্নিত করা প্রয়োজন।বৈঠকে টেকনাফ আল-জামিয়া বড় মাদ্রাসার উপপরিচালক মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা আদৌ বাংলাদেশের নাগরিক কি না সন্দেহ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।’টেকনাফ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমির আহমেদ বলেন, ‘অন্য ধর্মের ওপর আঘাত আসে, এমন কোনো কাজ এবং উগ্র কোনো কাজ ইসলাম সমর্থন করে না। এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তবে নিরপরাধ লোক যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিত।’