উখিয়ায় আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মানবেতর জীবন
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের বন্যার্ত ব্যক্তিরা মানবেতর জীবনযাপন করছেন। স্থান সংকুলান না হওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাসাঠাসি করে বাস করতে গিয়ে গত কয়েক দিনে বেশ কিছু নারী ও শিশু আহত হয়েছে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, ১৯৯২ সালে সৌদি আরব সরকারের অর্থায়নে ইউনিয়নে ১২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এর বাইরে ৪০ বছর আগে নির্মিত একটি কেন্দ্র রয়েছে। ১৩টি কেন্দ্রে সর্বসাকল্যে ১১ হাজার মানুষ আশ্রয় নিতে পারে। অথচ বন্যার্ত মানুষের সংখ্যা ৫০ হাজার। ফলে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে চরম দুর্ভোগে রয়েছে। সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম জানান, গ্রামের আশ্রয়কেন্দ্রটির পলেস্তারা খসে পড়ছে এবং ভবন জুড়ে ফাটল দেখা দিয়েছে। গত কয়েক দিনে সেখানে নারী ও শিশুসহ ১০-১৫ জন আহত হয়।স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ, মোহাম্মদ কালু ও আনোয়ারা বেগম জানান, আশ্রিতের সংখ্যা ধারণক্ষমতার চেয়ে বেশি হওয়ায় বিভিন্ন কেন্দ্রে ধাক্কাধাক্কিতে কয়েক দিনে অনেক নারী ও শিশু আহত হয়েছে।স্থানীয় বাসিন্দা মৌলভী আবুল বশর ও ফরিদ আলম জানান, ইমামের ডেইল, সোনারপাড়া, মনখালী চাকমাপাড়া, মাদারবনিয়া চাকমাপাড়া, দক্ষিণ নিদানিয়া ও পাটুয়ারটেক গ্রামে কোনো আশ্রয়কেন্দ্র নেই।ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, আশ্রয়কেন্দ্রগুলোর দরজা-জানালাও জরাজীর্ণ হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে অন্তত আরও ১০টি আশ্রয়কেন্দ্র স্থাপন প্রয়োজন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আসিফ বিন ইকরাম বলেন, নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী বলেন, পরিষদের মাসিক সভায় উত্থাপনের পর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।