উখিয়ায় উদ্ধার অজগর অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী পাহাড় থেকে উদ্ধার করা অজগরটি গতকাল শুক্রবার টেকনাফের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল একটি সভার আয়োজন করে বেসরকারি সংস্থা ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) প্রকল্প ক্লাইমেট রিজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুড (ক্রেল)। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, কক্সবাজার জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক মো. সরওয়ার আলম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব ও ক্রেলের টেকনাফের সমন্বয়কারী খান মুহাম্মদ মুজাহিদ ইবনে হাবিব।
সভায় সভাপতিত্ব করেন বন ও পরিবেশ রক্ষায় স্থানীয়ভাবে গঠিত টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিক মিয়া।
সভায় ভারপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ বলেন, ‘বন্য প্রাণী ধ্বংসের কারণে আমাদের পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। এ জন্য বন্য প্রাণী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
বন বিভাগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উখিয়ার বালুখালী বনে রোহিঙ্গারা ঝুপড়িঘর করতে গেলে অজগরটি বেরিয়ে আসে। তখন রোহিঙ্গারা সেটিকে ধরে ফেলে। অজগরটির ওজন ৪৩ কেজি ও লম্বায় ১৩ ফুট। রোহিঙ্গাদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা অজগরটি থাইংখালী বনবিট কার্যালয়ে নিয়ে যান।
কক্সবাজার জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক মো. সরওয়ার আলম বলেন, এ ধরনের অজগর নিজস্ব বলয়ে বসবাস ও চলাফেরা করে। ওই বলয়ে মানুষের অবাধ বিচরণে তারা বিরক্ত হয়ে পথ হারায়। এ ছাড়া খাদ্যের অভাব দেখা দিলেও এসব অজগর নিজস্ব বলয় ছেড়ে অনেক সময় লোকালয়ে চলে আসে। তিনি জানান, দুই মাস আগেও প্রায় ১০ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে টেকনাফের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছিল। এই বনের একটি অংশে বেশ কিছু অজগরের বিচরণ আছে।