উখিয়ায় এখনো আতঙ্ক, ১৬ দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর ঘটনার সূত্র ধরে কক্সবাজারের উখিয়ায় আটটি মন্দিরে হামলা হলেও ১৬ দিনে পুলিশ মাত্র ১৪ জনকে গ্রেপ্তার করেছে। আর তিনটি মন্দিরে হামলার ঘটনায় মামলা হয়েছে ১৬ দিন পর। হামলার শিকার বৌদ্ধরা অভিযোগ করেছেন, পুলিশ প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করায় বৌদ্ধদের মধ্যে আতঙ্ক কাটছে না। গতকাল বুধবার উখিয়ার বিভিন্ন মন্দির ঘুরে দেখার সময় এর সত্যতাও মিলেছে। উখিয়ার মরিচ্যাবাজারের ব্যবসায়ী বাবুল বড়ুয়া সওদাগর ক্ষোভের সঙ্গে বলেন, মন্দিরে হামলার আগে কার নেতৃত্বে সভা-মিছিল হয়েছে, কারা মন্দিরে অগ্নিসংযোগ করেছে, এলাকায় সবাই তা জানে। কিন্তু ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন।দীপাংকুর বৌদ্ধমন্দিরের ভিক্ষু বিমল জ্যোতি মহাথের বলেন, ‘গত মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এই মন্দির পরিদর্শনে এসে সবাইকে অভয় দিয়ে গেছেন। কিন্তু আমরা আতঙ্ক দূর করতে পারছি না।’গত ২৯ সেপ্টেম্বর রাতে ফেসবুকে বিতর্কিত ছবি যুক্ত করা নিয়ে রামুতে হামলা চালিয়ে ধ্বংস করা হয় ১২টি প্রাচীন বৌদ্ধমন্দির। পরদিন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় উখিয়ার পশ্চিম মরিচ্যা দীপাংকুর বৌদ্ধবিহার, রাজা পালং জাদি বৌদ্ধবিহার, খয়রাতিপাড়া প্রজ্ঞা মিত্র সর্বজনীন বৌদ্ধবিহার, রত্নাপালং সুদর্শন বৌদ্ধবিহার, পালংখালীর গয়ালমারা ভুবেনশ্বরী কৃষ্ণ মন্দিরসহ সাতটি মন্দির ও ছয়টি বসতি।