উখিয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের লিচুবাগান এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে যৌতুকের দাবিতে রওশন আরা (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রওশন আরা একই ইউনিয়নের হরিণমারা গ্রামের আলী আহমদের মেয়ে। প্রায় আট মাস আগে রওশনের সঙ্গে চা-বাগান এলাকার কালু মিয়ার ছেলে আনোয়ার ইসলামের বিয়ে হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির বলেন, গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এ ব্যাপারে রওশন আরার বাবা আলী আহমদ বাদী হয়ে আনোয়ার ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেন। আসামিদের ধরার চেষ্টা চলছে।
মামলার বাদী আলী আহমদ বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী আনোয়ার ইসলাম স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে। সর্বশেষ গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আনোয়ার যৌতুকের টাকা এনে দিতে স্ত্রীর ওপর নানা অত্যাচার শুরু করে। এর একপর্যায়ে রওশনকে গলা টিপে হত্যা করা হয়।