চাঁদের গাড়ির সংঘর্ষে সাত রোহিঙ্গা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ডিগ্রি কলেজসংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে স্থানীয়ভাবে পরিচিত দুটি চাঁদের গাড়ির (যাত্রীবাহী খোলা গাড়ি) মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩২ জন। আজ বৃহস্পতিবার সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আলী আহমদ (৪৫), আবুল বশর (৩৫), বেলাল উদ্দিন (৩৫), নেজাম উদ্দিন (৪০), আবদুস সালাম (২১), ছৈয়দুল আমিন (৩০) ও নুরুল হক (৩৭)। হতাহত সবাই মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক। তাঁরা মিয়ানমারের মংডু ও বুচিদং এলাকার বাসিন্দা।
দুই থেকে তিন বছর আগে এসব রোহিঙ্গা নাগরিক নাফ নদী পার হয়ে উখিয়ার কুতুপালং টেলিভিশন উপকেন্দ্রের পার্শ্ববর্তী পাহাড়ে বসতি শুরু করেন। এই পাহাড়ে অনুপ্রবেশকারী প্রায় ৮০ হাজার রোহিঙ্গার বসতি রয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে মো. রফিক, মো. ফারুক, মহিবুল্লাহ, আবদুল হালিম, মো. সেলিম, কামাল উদ্দিন, মো: আইয়ুব, মো. হোসেন ও গাড়িচালক কুতুপালং গ্রামের রূপন বড়ুয়াকে (২৬) উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে উখিয়ার কুতুপালং এলাকা থেকে বাদুড়ঝোলা অবস্থায় অর্ধশতাধিক রোহিঙ্গা শ্রমিক নিয়ে একটি চাঁদের গাড়ি কক্সবাজারের দিকে রওনা দেয়। গাড়িটি টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক টেকনাফগামী আরেকটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ছয়জন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
কুতুপালং রোহিঙ্গা বস্তি ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি রাকিব উল্লাহ বলেন, চার দিনের হরতালে রোহিঙ্গারা অভুক্ত ছিলেন। আজ সকালে রোহিঙ্গা শ্রমিকেরা কাজের সন্ধানে যাওয়ার সময় এই হতাহতের ঘটনা ঘটে। অবৈধ বাসিন্দা বলে রোহিঙ্গারা সরকারি-বেসরকারি কোনো সহায়তা পান না।