উখিয়ায় চার দালালসহ ৩০ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে অবৈধভাবে ট্রলারে করে মালয়েশিয়ায় যাওয়ার প্রাক্কালে পুলিশ গতকাল রোববার ভোর চারটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী গ্রাম থেকে চার দালালসহ ৩০ যাত্রীকে আটক করেছে।যাত্রীরা কক্সবাজারের মহেশখালী, যশোর, নরসিংদী, ঝিকরগাছার বাসিন্দা। মাথাপিছু ২০ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে দালালেরা কাঠের নৌকায় করে তাঁদের মালয়েশিয়ায় পাঠাচ্ছিল। আটক চার দালাল হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা মো. হোসেন, নুরুল কবির, ফয়সাল আহমদ ও আবদুর রাজ্জাক।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, তিন দিন ধরে কক্সবাজার উপকূলে ভারী বর্ষণ চলছে। বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতেও দালালেরা সাধারণ লোকজনকে প্রলোভন দিয়ে ঝুঁকি নিয়ে ট্রলারে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালাচ্ছে। চার দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়েছে। যাত্রীদের তথ্য যাছাই-বাছাই করে ছেড়ে দেওয়া হবে।থানার উপপরিদর্শক আবু জাফর বলেন, মাথাপিছু ২০ চাজার থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে মনখালী গ্রামের দালাল নুরুল কবির ও ফয়সাল আহমদ ৩০ যাত্রীকে ট্রলারে তুলে দেওয়ার জন্য উপকূলের মনখালী গ্রামের মোহামঞ্চদ হোসনের বাড়িতে জড়ো করেন। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে যাত্রীসহ চার দালালকে আটক করে। যশোরের বাসিন্দা সাদ্দাম হোসেন (২৮) বলেন, থাইল্যান্ডের জাহাজে তুলে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ১৫ আগস্ট তাঁদের ১১ জনকে যশোর থেকে কক্সবাজারে আনা হয়। গত শনিবার রাতে কক্সবাজার থেকে তাঁদের নেওয়া হয় সমুদ্র উপকূলের মনখালী গ্রামে। ভোররাতে ট্রলারে ওঠার আগে পুলিশ তাঁদের আটক করে। দালালেরা মাথাপিছু ৩০ হাজার টাকা হাতিয়ে নিলেও এখন সেই টাকা ফেরত পাবে কি না, সন্দেহ রয়েছে।টেকনাফে ১৩ যাত্রী আটক: টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফে গত শনিবার দিবাগত রাতে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৩ যাত্রীকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এঁদের মধ্যে যশোরের দুজন, ব্রাহ্মণবাড়িয়ার দুজন ও নারায়ণগঞ্জের নয়জন বাসিন্দা বলে জানা গেছে। কোস্টগার্ডের ভাষ্যমতে, আটক হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।কোস্টগার্ড সূত্রে জানায়, শনিবার রাত ১১টার দিকে টেকনাফ পৌর এলাকার বাস স্টেশনের একটি আবাসিক হোটেলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। এ সময় ওই হোটেলের চারটি কক্ষ থেকে শুকনো খাবার, গুড়, চিড়া, ওষুধ, পানীয় জল, বিস্কুটসহ ১৩ জন যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন যশোরের তাজরুল রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৫০), শহীদ উল্লাহর ছেলে গাজী ইসলাম (২৩), ব্রাহ্মণবাড়িয়ার ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আবদুল্লাহ (১৮), খলিল মিয়ার ছেলে মো. ইলিয়াছ (৩৬), নারায়ণগঞ্জের মোস্তাফা কামালের ছেলে মকবুল হোসেন (১৮), আবদুল কাদেরের ছেলে আলিফ হোসেন (২৫), আসলাম মিয়ার ছেলে মো. বাচ্ছু মিয়া (৩৫), মো. মালেকের ছেলে কেরামত আলী (২৩), লাল মিয়ার ছেলে মো. আফজাল (২২), ইসমাঈল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২০), আফাজ উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন (৩১), শাওয়াজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (১৮) ও নুরুল হক তালুকদারের ছেলে ইমাম হোসেন (২৬)।