উখিয়ায় চিংড়িঘের দখল নিয়ে সংঘর্ষ আহত ১৫
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চিংড়িঘের দখলের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পালংখালীর বাসিন্দা আবু বক্কর চৌধুরী (৭৫), আকতার আহমদ (২২), মোকতার আহমদ (২৭), তারেক রহমান (১৮), শাহেদা আক্তার (২৮), রোজিনা আক্তার (২০), কলিম উল্লাহ (১৪), লতিফুর রহমানকে (৩৪) কক্সবাজার ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ আহত আবু বক্কর চৌধুরীর ছেলে মোস্তাক আহমদকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ার ওয়াকফ এস্টেটের আট একরের একটি চিংড়িঘের দখল-বেদখল নিয়ে স্থানীয় আবু বক্কর চৌধুরীর ছেলে মোস্তাক আহমদের সঙ্গে খোকা মিয়ার বিরোধ চলে আসছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খোকা মিয়ার পক্ষে কলিম উল্লাহর নেতৃত্বে একটি দল চিংড়িঘেরটি দখল করতে যায়। এ সময় মোস্তাক আহমদ লোকজন নিয়ে প্রতিরোধ করতে গেলে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষে ১৫ জন আহত হন।