কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও কর্মচারীরা গতকাল রোববার হঠাত্ কর্মবিরতি পালন করেন। এতে রোগীরা দুর্ভোগে পড়েন।গতকাল দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানে কোনো চিকিত্সক নেই। চিকিত্সকদের কক্ষগুলো তালাবদ্ধ। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের চিকিত্সা ও ওষুধের অভাবে কাতরাতে দেখা যায়। এ সময় অবশ্য দুজন সেবিকাকে কয়েকজন রোগীর খোঁজখবর নিতে দেখা যায়।ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা উত্তম কুমার বড়ুয়া বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আগের একটি সমস্যার সুরাহা না হওয়ায় তাত্ক্ষণিকভাবে চিকিত্সকেরা কর্মবিরতির সিদ্ধান্ত নেন ও কর্মচারীদেরও কর্তব্য পালনে বিরত থাকতে বলা হয়। তবে আগের বিষয়টি কী, তা জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন। উত্তম কুমার বড়ুয়া বলেন, কর্মবিরতি বেশিক্ষণ ছিল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চিকিত্সক ও কর্মচারীরা আবার কাজে যোগ দেন।দুপুর একটায় উত্তম কুমার বড়ুয়া একদল পুলিশ নিয়ে নিজের কার্যালয়ে বসে থাকতে দেখা যায়। ওই সময় বিষপান করা এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর আত্মীয়স্বজনেরা। জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, বিষপান করা ওই নারীকে চিকিত্সা দিচ্ছেন হাসপাতালের ঝাড়ুদার ছিদ্দিক আহমদ ও বিশ্বজিত্ বড়ুয়া নামের এক বহিরাগত।ভর্তি রোগী মো. ইয়াছিনের (৫) মা উখিয়া সদরের মালভিটাপাড়া গ্রামের কহিনূর আক্তারসহ ভর্তি হওয়া কয়েকজন রোগী বলেন, সকাল থেকে কোনো চিকিত্সক ও সেবিকার দেখা মেলেনি। ফলে তাঁরা চিকিত্সা ও ওষুধ-পথ্য পাননি।বহির্বিভাগের এক রোগীর বাবা আবদুল করিম বলেন, চিকিত্সক না থাকায় দুপুর পর্যন্ত অপেক্ষা করে তাঁরা বাড়ি ফিরে যাচ্ছেন।উত্তম কুমার বড়ুয়া হাসপাতালে রোগী না দেখে টাকা নিয়ে বাসায় রোগী দেখেছেন বলে অনেকে অভিযোগ করেছে। তবে উত্তম কুমার বড়ুয়া এই অভিযোগ অস্বীকার করেন।কক্সবাজারের সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া মুঠোফোনে বলেন, উত্তম কুমার বড়ুয়ার কর্মবিরতি সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।