উখিয়ায় ছয়টি বাজার থেকে ৫০০ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার-টেকনাফ সড়কের পার্শ্ববর্তী উখিয়া উপজেলার কোটবাজার, কুতুপালং, বালুখালীসহ ছয়টি বাজারে অভিযান চালিয়ে দোকানপাটসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পুলিশ যৌথভাবে গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম জানান, সড়কের উখিয়ার ছয়টি অংশে সড়ক ঘেঁষে কোটবাজার, কুতুপালং, বালুখালী, থায়ংখালী, মরিচ্যা ও পালংখালী বাজার রয়েছে। এসব বাজারকে কেন্দ্র করে সড়কের দুই পাশে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও অন্যান্য স্থাপনার জন্য সড়কে যানজট লেগেই থাকে। গতকাল সড়কের দুই পাশ থেকে এ রকম দোকানপাটসহ পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়েছিল। কিন্তু তাতে কাজ হয়নি। তাই অভিযান শুরু করা হয়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে সড়কটিতে যানজট ও দুর্ঘটনা কমবে বলে ইউএনও আশা প্রকাশ করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী ইব্রাহিম খলিল, রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী প্রমুখ। সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, শিগগিরই কক্সবাজার শহরের প্রধান সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।