উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধ সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার রাজাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকার খুইল্যা মিয়ার ছেলে আবুল কাশেম ও একই এলাকার মৃত হাছন আলীর ছেলে মোহাম্মদ রফিকের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে সালিসের রায় আবুল কাশেমের পক্ষে না যাওয়ায় গতকাল শনিবার বেলা ১১টায় কাশেম ২০-২৫ জনের ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মোহাম্মদ রফিকের বসতবাড়ি-সংলগ্ন স্বত্ব দখলীয় জমিতে দখল নিতে গিয়ে তাঁর পরিবারের লোকজনকে মারধর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আহত হন মৃত হাছন আলীর ছেলে মো. রফিক (৩৫), আবুল কাশেম (৪০), শাহজাহান (৩৫), ছৈয়দ হামজা (৫০), আব্বাস উদ্দিন (৩২), সাইফুল ইসলাম (২২), মেহের আলী মুন্সী (৬৫), আবদুল্লাহসহ (৩০) উভয় পক্ষের ৩০ জন।আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত মো. রফিক ও আবুল কাশেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। আহত অন্য ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ প্রসঙ্গে ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামল কান্তি দাস জানিয়েছেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সহিংস ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনার ব্যাপারে উভয় পক্ষ থানায় এজাহার করেছে।