উখিয়ায় ডাকাতের গুলিতে তিন পুলিশ আহত অস্ত্র লুট, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ছোয়াংখালী সমুদ্র উপকূলে গত বুধবার রাতে ডাকাতের গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় ডাকাতেরা পুলিশের একটি শটগান লুট করে নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নিলু বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লুণ্ঠিত শটগান উদ্ধারের জন্য ছোয়াংখালীর পাহাড় ঘেরাও করে পুলিশ অভিযান চালাচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সমুদ্র উপকূলের ইনানী পুলিশ ফাঁড়ির হাবিলদার মোদাচ্ছের, কনস্টেবল মানস বড়ুয়া ও মিটুন দাস একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে টহল দিচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা ছোয়াংখালী এলাকায় সড়কের ওপর ডাকাতের দেওয়া ব্যারিকেডে আটকা পড়েন। এ সময় পুলিশের সদস্যরা রাস্তার ওপর ফেলা গাছ সরানোর চেষ্টা করলে ডাকাতেরা তাঁদের ওপর হামলা চালায় ও অটোরিকশাটি ভাঙচুর করে। একপর্যায়ে ডাকাতেরা পুলিশের একটি শটগান কেড়ে নিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশের সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনার সময় ডাকাতের গুলিতে হাবিলদার মোদাচ্ছের, কনস্টেবল মানস বড়ুয়া ও মিটুন দাস গুরুতর আহত হন।সূত্র জানায়, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ ফারুকের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন পুলিশকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।পরে পুলিশ অভিযান চালিয়ে ছোয়াংখালী গ্রামের শামশুল আলম, নুরুল আলম, শফিকুর রহমান ও আবদুস শুক্কুরকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তাঁরা এর আগেও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীরের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ ওই গ্রামে অভিযান চালাচ্ছে। কিন্তু এখনো অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়নি।