উখিয়ায় ডাকাতের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশসহ গুলিবিদ্ধ ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় গতকাল সোমবার পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে চার পুলিশ সদস্যসহ ১১ জন গুলিবিদ্ধ হয়। পুলিশ গুলিবিদ্ধ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রামু পানের ছড়া পাহাড়ি ঢালা এলাকায় ডাকাতদল ১০ থেকে ১২টি যাত্রীবাহী যানবাহনে লুটপাট চালায়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গত রোববার ওই ঘটনায় জড়িত সন্দেহে জিয়াবুল হক (২৬) ওরফে জিয়াবুল নামের একজনকে গ্রেপ্তার করে। জিয়াবুলের স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাহাড়ি কচুরিঢালায় ডাকাতদের একটি আস্তানা ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ১১ জন গুলিবিদ্ধ হয়। ডাকাতরা পিছু হটলে ধাওয়া করে গুলিবিদ্ধ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতদের আস্তানা ও পার্শ্ববর্তী জঙ্গলে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস, একটি দেশি বন্দুক, তিনটি ধারালো অস্ত্র, পাঁচটি তাজা কার্তুজ, লুট করা ছয়টি মোবাইল ফোনসেট, ১৮টি সিমকার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।