উখিয়ায় তহশিলদারকে পেটালেন আ.লীগের একজন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার জহিরুল ইসলামকে পিটিয়ে আহত করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা ফরিদুল আলম। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম গতকাল দুপুরে ওই ভূমি অফিসে গিয়ে তহশিলদারের কাছে জমির নামজারি খতিয়ান সৃজনের দাবি জানান। কিন্তু বিষয়টিতে জটিলতা থাকায় তহশিলদার রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদ তহশিলদারকে মারধর করেন। তহশিলদার অভিযোগ করেন, ‘ফরিদুলের অন্যায় আবদার রক্ষা না করায় সঙ্গে থাকা তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে অফিসে ঢুকে আমাকে মারধর করেছেন।’ এ প্রসঙ্গে ফরিদুল জানান, এই অফিসে জাতীয় দিবসসহ কোনো দিনই জাতীয় পতাকা ওঠানো হয় না। গতকালও তা ওঠানো হয়নি। এ ছাড়া অফিসের নথিপত্র থেকে অনেক খতিয়ান ছিঁড়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে অফিসের লোকেরা খারাপ ব্যবহার করে। এসব বিষয়ের প্রতিবাদ করলে জহিরুল উল্টো গালমন্দ করেন। এ কারণে ভোগান্তির শিকার হওয়া মানুষ তাঁকে পিটিয়েছে।এদিকে ওই ঘটনার পর স্থানীয় ভূমি অফিস ও উখিয়া সদর ভূমি অফিসের ক্ষুব্ধ কর্মচারীরা কাজ বন্ধ রাখেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলার ভারপ্রাপ্ত সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ফরিদুলের বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। এ বিষয়ে ইউএনও মো. জহিরুল ইসলাম জানান, ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা টানানোর নিয়ম নেই। উপজেলা ভূমি অফিসেই পতাকা টানানো হয়। ইউএনও জানান, গতকাল বিকেলে উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদির উপস্থিতিতে ফরিদুল তহশিলদার জহিরুলের এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।