উখিয়ায় পাহাড় কাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কাটার উৎসব চলছে। কতিপয় প্রভাবশালী ব্যক্তি শ্রমিক নিয়োগ দিয়ে পাহাড় কাটাচ্ছেন। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।গত শুক্রবার বিকেলে উপজেলার রাজাপালং ইউনিয়নের মৌলভীপাড়ায় গিয়ে দেখা গেছে, সাতজন শ্রমিক শাবল দিয়ে উঁচু পাহাড় কেটে ট্রাক বোঝাই করছেন। আধা ঘণ্টার ব্যবধানে তিনটি ট্রাকে করে পাহাড় কেটে মাটি বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।পাহাড় কাটা শ্রমিক নেওয়াজ উদ্দিন (৩৪) বলেন, সরদার (শ্রমিকনেতা) মনজুর আলম মাটি কাটার জন্য তাঁদের এখানে নিয়োগ দিয়েছেন। সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত পাহাড় কাটার বিপরীতে দৈনিক ২৫০ টাকা মজুরি পাচ্ছেন। চার দিন ধরে পাহাড় কাটলেও কেউ তাঁদের নিষেধ করেনি। একইভাবে উপজেলার পাইন্যাশিয়া, ফলিয়াপাড়া, ইনানী, পাটুয়ারটেক, নিদানিয়া, সোনারপাড়া, চোয়াংখালী, মোহামঞ্চদ শফির বিল, মনখালী, থাইংখালী, বাঘঘোনা, পালংখালী, মুহুরীপাড়া, ভালুকিয়া, হলদিয়া, হাতিরঘোনা, লম্বাশিয়া, লম্বাঘোনা, মধুরছাড়া, মাছকারিয়াসহ পাঁচটি ইউনিয়নের ৩০টির বেশি স্থানে পাহাড় কাটা চলছে।ইনানী গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৪৫) বলেন, প্রতি ট্রাক মাটি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকায়। প্রতিদিন গড়ে একটি স্পট থেকে ২০ ট্রাক মাটি কাটা হচ্ছে। এ হিসাবে উপজেলার ৫০টি স্পট থেকে দৈনিক এক হাজার ট্রাক মাটি সরবরাহ করা হচ্ছে।‘পরিকল্পিত উখিয়া চাই’ সংগঠনের আহ্বায়ক নূর মোহাম্মদ সিকদার বলেন, বর্তমানে ৩০টির বেশি পাহাড় কাটার মহোৎসব চললেও বন বিভাগ নীরব ভূমিকা পালন করেছে। গত বছরের জুন মাসে উখিয়ায় ১০টির বেশি পাহাড়ধসের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ প্রসঙ্গে সহকারী বন সংরক্ষক জি এম কবির বলেন, পাহাড় কাটলেও বন বিভাগ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে পারে না। পরিবেশ আইনে মামলা করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পাহাড় কাটার ব্যাপারে এখন যে কেউ পরিবেশ আইনে মামলা করতে পারেন। উখিয়ার পাহাড় কাটার বিষয়টি অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।