উখিয়ায় পিটিয়ে গৃহবধূ হত্যা, স্বামী আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামে গতকাল মঙ্গলবার সকালে পিটিয়ে হত্যা করা হয়েছে গৃহবধূ সুমি আক্তারকে (১৮)। এ ঘটনায় পুলিশ স্বামী মোহামঞ্চদ ইউনুছকে (২৭) গ্রেপ্তার করেছে। ইউনুছ স্থানীয় ফয়েজার বাপের বাড়ি এলাকার সোনা আলীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের ১০ জুলাই ইউনুছ টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়ার আবদুস সালামের স্কুলপড়ুয়া মেয়ে সুমিকে জোর করে বিয়ে করেন। বিয়ের পর থেকে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি চলে আসছিল। নিহত সুমির বাবা আবদুস সালাম জানান, বখাটে যুবক ইউনুছ তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে ফুসলিয়ে উখিয়ায় এনে জোর করে বিয়ে করেন। এ ব্যাপারে গত বছরের ১০ জুলাই টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে যৌতুকের দাবিতে সুমিকে পিঠিয়ে হত্যা করা হয়েছে।উখিয়া থানার ওসি (তদন্ত) নীলু বড়ুয়া জানান, গতকাল সকাল নয়টায় গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে সুমিকে হত্যা করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। হত্যার দায়ে স্বামী ইউনুছকে গ্রেপ্তার করা হয়েছে।