উখিয়ায় পুলিশের তথ্য সরবরাহকারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা
কক্সবাজারের উখিয়া উপজেলায় জসিম উদ্দিন (২৮) নামের পুলিশের এক তথ্য সরবরাহকারীকে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। উপজেলার পালংখালী ইউনিয়নের ফুটিবনিয়া গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে। জসিম ওই গ্রামের জালাল আহমদের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, পালংখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য জসিমকে গত বুধবার রাতে তাঁর বাড়ি থেকে প্রায় দেড় শ গজ দূরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ১১টার দিকে জালাল আহমদ ছেলেকে ঘরে না পেয়ে বাড়ির বাইরে আসেন। এ সময় তিনি রাস্তার ওপর ছেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশকে জানায়।খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) উখিয়া সার্কেল ছত্রধর ত্রিপুরা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে জসিমের লাশ থানায় নিয়ে আসে। পরে গতকাল সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।এএসপি ছত্রধর ত্রিপুরা জানান, নিহত জসিম একসময় দুর্ধর্ষ ডাকাত ছিলেন। দুই বছর ধরে পুলিশের সহায়তায় তিনি ডাকাতি ছেড়ে দিয়ে ভালো হয়ে যান। পরে তিনি উখিয়ার শীর্ষ ডাকাত ধরতে ও এলাকার বিভিন্ন অপরাধী সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।