উখিয়ায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র এখনো উদ্ধার হয়নি
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের উপকূলে গত বুধবার রাতে পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফারুক আহাম্মদ বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার চার ডাকাতসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।প্রসঙ্গত, বুধবার রাতে ইনানী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ গাড়ি নিয়ে টহল দেওয়ার সময় চেপটখালীর ঢালার মুখ এলাকায় ডাকাত দলের দেওয়া ব্যারিকেডে আটকা পড়েন। ওই সময় ডাকাতেরা হামলা চালিয়ে পুলিশের একটি শটগান ও দুটি কার্তুজ লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।এদিকে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনার পর থেকে চেপটখালীসহ উপকূলজুড়ে গ্রামবাসীর মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নিলু কান্তি বড়ুয়া বলেন, গ্রেপ্তার চার ডাকাতকে গতকাল শুক্রবার কক্সবাজার কোর্টহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, অস্ত্র উদ্ধার এবং ডাকাত গ্রেপ্তার অভিযানের সময় কোনো নিরীহ গ্রামবাসীকে হয়রানি ও আটক করা হবে না।