উখিয়ায় বনভূমি থেকে ৭০টি বাড়ি উচ্ছেদ
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া বনভূমি থেকে গতকাল বৃহস্পতিবার ৭০টি আধা পাকা বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ২০ একর বনভূমি দখলমুক্ত হয়।
‘ভূমিহীনদের আবাসন প্রকল্প’ দেখিয়ে স্থানীয় কতিপয় প্রভাবশালী এসব বাড়ি তৈরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবদুস সোবহানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। চার ঘণ্টার অভিযানে দুটি বুলডোজার দিয়ে ৭০টি ছোট-বড় আধা পাকা বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। বিজিবি, র্যা ব, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে যৌথভাবে এই অভিযান চালানো হয়।
অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আলী কবির, সহকারী বন সংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরী।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। দখলমুক্ত করা প্রায় ২০ একর বনভূমি বন বিভাগের আওতায় নেওয়া হয়েছে। তিনি জানান, কী কারণে সরকারি বনভূমিতে এতগুলো বাড়ি তৈরি করা হলো—তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
রেজাউল করিম চৌধুরী বলেন, সশস্ত্র পাহারা বসিয়ে বনকর্মীদের অজান্তে এসব স্থাপনা তৈরি করা হয়। স্থানীয় ভূমিহীনদের নামে এসব বাড়ি তৈরি করা হলেও অর্থায়ন নিয়ে প্রশাসন কিছু জানে না। এ কারণে যৌথভাবে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির জানান, দখলমুক্ত করা ভূমিতে বনায়নের প্রস্তুতি চলছে। বনভূমি দখল করে বাড়ি তৈরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন বিভাগ মামলা করবে।