উখিয়ায় ভেঙে ফেলা হলো সাতটি করাতকলের ভিত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে ১৫টি অবৈধ করাতকল থাকলেও গত বুধবার একটি কলও চালু অবস্থায় পাওয়া যায়নি। অভিযানের খবর আগেই পৌঁছে যাওয়ায় মালিকেরা করাতকল খুলে অন্যত্র সরিয়ে রাখেন।এ অবস্থায় রাজা পালং ও রত্না পালং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি অবৈধ করাতকলের ভিত্তি (যেখানে করাতকল বসানো হয়) ভেঙে ফেলা হয়েছে। এ সময় প্রায় ৫০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গত বুধবার জেলা প্রশাসন ও বন বিভাগের টাস্কফোর্স এ অভিযান চালায়। গত ২৬ নভেম্বর প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘বনাঞ্চল গিলে খাচ্ছে করাতকল’ শিরোনামে সংবাদ ছাপা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবদুর রহমান জানান, বুধবার উপজেলার রত্না পালং ইউনিয়নের কোট বাজার, রুমখা পালং এবং রাজা পালং ইউনিয়নের হরিণ মারা, থলিয়াপাড়া, দোছড়ির বিভিন্ন স্থানে অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। কিন্তু করাতকলের মালিকেরা অভিযানের খবর পেয়ে আগেই কলগুলো সরিয়ে ফেলেন। কল পাওয়া না যাওয়ায় সাতটি করাতকলের ভিত্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।