উখিয়ায় ভেজালবিরোধী অভিযান, জরিমানা
কক্সবাজারের উখিয়া উপজেলায় গতকাল বুধবার দুপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অর্ধলাখ টাকা জরিমানা আদায় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
পুলিশ ও প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলার কোর্টবাজার স্টেশনের মধুবন বেকারিকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা, ফোর স্টার হোটেলকে ১০ হাজার, শাহ মজিদিয়াকে পাঁচ হাজার, ফরিদ মেডিকো নামে এক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
এরপর ভালুকিয়া স্টেশন এলাকায় মেয়াদোত্তীর্ণ সার এবং ওষুধ বিক্রির দায়ে মো. আলীকে পাঁচ হাজার, ফিরোজ আহমদকে দুই হাজার ও রফিক আহাম্মদ সওদাগরকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া মাছবাজার এলাকায় ফরমালিন মিশিয়ে মাছ বিক্রির দায়ে বিক্রেতা প্রবীণ বড়ুয়াকে দুই হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের নির্দেশ সত্ত্বেও কাঁচাবাজারগুলোতে মূল্যতালিকা না টাঙানোর দায়ে ৫০টি দোকানকে জনপ্রতি ১০০ টাকা হারে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংসা থোয়াই, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলম, স্বাস্থ্য সহকারী জাফর আলম প্রমুখ।
এর সত্যতা নিশ্চিত করে স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলম বলেন, রমজান মাসে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।