উখিয়ায় রোহিঙ্গাকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের দুই পক্ষের বিরোধের জের ধরে একজনকে ঘর থেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর পরিবারের চার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত একটার দিকে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী শিবিরের কুতুপালং ক্যাম্প ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) গঠনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাত একটার দিকে রোহিঙ্গাদের একটি পক্ষ বস্তির ই-ব্লকের বাসিন্দা নাজমুল হককে (৭০) তাঁর ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে এনে হত্যা করে। এ সময় তাঁর পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে আবু ছিদ্দিক (২৮), নুর আশা (৩৮), মনোয়ারা বেগম (২২) ও রেহেনা আক্তার (২০) জখম হন। পরে তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আটক রোহিঙ্গারা হলেন মো. হাবিবুল্লাহ (২৫), মোহাম্মদ রফিক (২২), সাইফুর রহমান (৭০) ও সালামত খান (৫০)। উখিয়া থানার ওসি অপ্পেলা রাজু নাহার গতকাল সন্ধ্যায় বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।