উখিয়ায় রোহিঙ্গাদের ৩০০ ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ও টেলিভিশন কেন্দ্রের পাশের পাহাড়ে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গাদের প্রায় ৩০০ ঘরবাড়ি ভেঙে গেছে। ফলে দুই হাজারের মতো রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু মানবেতর জীবন কাটাচ্ছে। এসব পাহাড়ে কয়েক হাজার ঝুপড়িঘর তৈরি করে বাস করছে অন্তত ৭০ হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা। এদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রবল বর্ষণে টেলিভিশন কেন্দ্রের উত্তর পাশের পাহাড়ে রোহিঙ্গা হোসন আহমদ (৬৫), মো. ইউসুফ (৪০), রেহেনা আকতার (৪৫) ও আয়েশা বেগমের (৪৮) চারটি কাঁচা ঘর ধসে পড়ে। মাটির দেয়াল ধসে আয়েশার দুই ছেলেমেয়ে গুরুতর আহত হয়। রেহেনা আকতার বলেন, গতকাল বেলা দুইটা পর্যন্ত ওই রোহিঙ্গা বস্তিতে দেড় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে। আগের দিন বিলীন হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। এ রোহিঙ্গা বস্তির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক রাকিব উল্লাহ (৬৫) বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৭০ হাজার রোহিঙ্গা এ পাহাড়ে আট হাজারের মতো মাটির দেয়াল ও পলিথিনের ছাউনিযুক্ত ঘরবাড়ি তৈরি করে বাস করছে। কিন্তু গত তিন দিনের ভারী বর্ষণ এবং পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ২৯৮টি ঘরবাড়ি ভেঙে গেছে। এসব ঘরের প্রায় দুই হাজার রোহিঙ্গা অন্যের ঘরে আশ্রয় নিয়ে অতিকষ্টে দিন কাটাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা বৃষ্টিতে ভিজে রোগে আক্রান্ত হচ্ছে। গত শুক্রবার বৃষ্টিতে ভিজে অসুস্থ তিন সন্তানের জননী শফিকা বেগম (৩৫) ও গৃহবধূ আয়েশা বেগম (৩০) মারা গেছেন। বিকেলে চাঁদা তুলে তাঁদের লাশ দাফন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উখিয়ার বিভিন্ন পাহাড়ে ২০ হাজারের বেশি মানুষ ঝুঁকি নিয়ে বসতি করছে। প্রবল বর্ষণের কারণে কোথাও কোথাও পাহাড় ধসে পড়ছে। এ কারণে পাহাড়ে বসবাসকারী লোকজনকে নেমে আসার জন্য মাইকিং করা হচ্ছে। কিন্তু রোহিঙ্গাদের সাহায্য-সহযোগিতার ব্যাপারে প্রশাসনের করার কিছু নেই। সরকারি বনাঞ্চল দখল করে এসব রোহিঙ্গা বসতি গড়ছে।