উখিয়ায় শ্বাসরোধে গৃহবধূ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বত্তাতলী গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে গৃহবধূ রেহেনা আক্তারকে (২২)। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী গিয়াস উদ্দিন (২৮) ও শাশুড়ি রহিমা খাতুনকে (৫০) গ্রেপ্তার করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যৌতুকের দাবিতে গিয়াস উদ্দিন প্রায় সময় স্ত্রীকে মারধর ও নির্যাতন করতেন। গতকাল বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় কয়েকজন মিলে রেহেনাকে শ্বাসরোধে হত্যা করে। সকাল সাতটায় উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে স্বামী গিয়াস ও শাশুড়ি রহিমাকে গ্রেপ্তার করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নীলু কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে নিহতের বাবা স্থানীয় বত্তাতলীর ফরিদ আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, এর আগে রেহেনা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন এবং যৌতুক আইনে পৃথক দুটি মামলা করেন। ওই মামলায় তাঁর স্বামী জেলও খেটেছিলেন। পরে স্ত্রীর সঙ্গে সমঝোতা করে তিনি জামিনে মুক্তি পান।