উখিয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে স্কুলছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামে গতকাল শনিবার সকাল নয়টার দিকে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছে স্কুলছাত্রী সুমি আকতারকে।
স্থানীয় শামশুল আলমের মেয়ে সুমি আকতার (১৪) ইনানী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। বিকেলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঘাতে তার মেরুদণ্ড ভেঙে গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশের মরিচখেতে গরু ঢুকলে প্রতিবাদ করে সুমি আকতার। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় সন্ত্রাসী সিরাজ মিয়ার নেতৃত্বে কয়েকজন সুমিকে বেদম পিটুনি দেয়। এরপর স্থানীয় লোকজন সুমিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে সুমির বাবা শামশুল আলম বাদী হয়ে উখিয়া থানায় স্থানীয় মৃত নজির আহমদের ছেলে সিরাজ মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।