উখিয়ায় সাত মালয়েশিয়ার যাত্রী আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম রুমখাপালং গ্রামে পুলিশ গতকাল মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে সাতজন মালয়েশিয়াগামী যাত্রীকে আটক করেছে।
তাঁরা হলেন নাটোরের ঝাউপাড়ার শহিদুল ইসলাম (২৫), জয়নাল মণ্ডল (২৬), বোরহান উদ্দিন মণ্ডল (২৬), সাইফুল ইসলাম (২৮), যশোরের ঝিকরগাছার আবু রায়হান (২৫), মা. বাবুল (২৮) ও আলাউদ্দিন (২৫)। ওই গ্রামের এক বাড়ি থেকে ভোররাত চারটার দিকে সমুদ্র উপকূলের ইঞ্জিন নৌকায় ওঠানোর সময় উখিয়া থানার উপপরিদর্শক শ্যামল কান্তি দাশ তাঁদের আটক করেন। আলাউদ্দিন ও শহিদুল ইসলাম বলেন, মাথাপিছু ৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে মালয়েশিয়া পাঠানোর জন্য দালাল চক্র তাদের উখিয়া উপকূলে নিয়ে আসে। এরপর গভীর সাগরে অপেক্ষমাণ থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজে তুলে দেওয়ার জন্য ইঞ্জিন নৌকায় ওঠানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন। এর আগে দালাল চক্র পালিয়ে যায়। উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া বলেন, এ ব্যাপারে মামলা রুজু করা হয়েছে।